নিজস্ব প্রতিনিধি, মালদহ: দিন দিন বাড়ছে যানবাহনের সংখ্যা। যানজট সমস্যাও বাড়ছে। তাই সমস্যার সমাধানে শহরের ১৫টি রাস্তা চওড়া করছে ইংলিশবাজার পুরসভা। ইতিমধ্যে কিছু রাস্তার ফুটপাতের অংশ সংস্কার করে চওড়া করা হয়েছে। কিছু জায়গায় দখলদারি সরিয়ে, ড্রেনের পাড় সংস্কার করে চওড়া করা হয়েছে রাস্তা। সেই তালিকায় রয়েছে শহরের এনএস রোড, হসপিটাল রোড, বিএস রোড, কলোনি রোড সহ কয়েকটি রাস্তা। সোমবার একথা জানান ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
তিনি জানান, ইংলিশবাজার পুরসভার মোট এলাকার ৬০ শতাংশ অংশ জুড়ে সরকারি অফিস, হাসপাতাল, থানা, স্কুল, কলেজ ইত্যাদি। বাকি ৪০ শতাংশ এলাকায় সাধারণ মানুষের বাস। দিন দিন বাড়ছে জনসংখ্যা। বর্তমানে পৌনে তিন লক্ষ মানুষ এই পুরসভার ২৯টি ওয়ার্ডে বসবাস করেন। প্রতিদিন নানা কাজে এই শহরে আসেন আরও দু’লক্ষ মানুষ। ফলে দিন দিন জনঘনত্বের বিচারে ঘিঞ্জি হচ্ছে শহর। বেড়েছে গাড়ির সংখ্যা।
প্রতিদিন গড়ে এই শহরে ২০ হাজারের বেশি গাড়ি যাতায়াত করে। তুলনায় অনেকটাই সঙ্কুচিত রাস্তা। তাই তুলনামূলক সরু রাস্তাগুলিতে যানজট কাটাতে উদ্যোগী হয়েছে পুরসভা। ইতিমধ্যে তালিকাভুক্ত ১৫টি সরু রাস্তাকে বেছে নিয়ে জোরদার কাজ শুরু হয়ে গিয়েছে। পুজোর আগে কাজ শেষ করার চেষ্টা চলছে। প্রতিবেশী অন্যান্য জেলা শহরের মতো ইংলিশবাজার পুর এলাকাতেও টোটোর সংখ্যা অনেক বেশি। সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার টোটোর যাতায়াতে অতিষ্ঠ সাধারণ মানুষ। স্বাভাবিকভাবেই পুরসভার তরফে রাস্তা চওড়া করার উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন পুরসভার বাসিন্দারা।