সংবাদদাতা, বনগাঁ: ক্লাস রুমে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদার বাজিতপুর হাইস্কুলের। অভিযুক্ত ইংরেজি শিক্ষক সুদীপ্ত মৈত্রকে গ্রেপ্তার ও কড়া শাস্তির দাবিতে স্কুলে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। শুক্রবার ধৃতকে আদালতে তোলা হলে জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক।
অভিযুক্ত শিক্ষক মাস তিনেক আগে এই স্কুলে যোগ দিয়েছেন। অভিযোগ, স্কুলে আসার পর থেকেই ক্লাসে পড়ানোর আছিলায় ছাত্রীদের গায়ে হাত দিতেন। মূলত অষ্টম ও নবম শ্রেণির ছাত্রীরা দীর্ঘদিন ধরেই ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছিল। জানা গিয়েছে, স্কুলের পক্ষ থেকে সতর্ক করা হলেও কর্ণপাত করেননি অভিযুক্ত শিক্ষক। বৃহস্পতিবার কয়েকজন ছাত্রী যৌন হেনস্তার অভিযোগ তোলে ওই শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের কথা এলাকায় জানাজানি হতেই অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। স্কুল ছুটির সময় বিক্ষোভ দেখান তাঁরা। স্কুল লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন। তখন স্কুলেই ছিলেন বেশ কিছু শিক্ষক। অভিযুক্ত শিক্ষকও স্কুলেই ছিলেন। তাঁকে ঘিরেও বিক্ষোভ হয়। উত্তেজনা তৈরি হলে ঘটনাস্থলে আসে বাগদা থানার পুলিস। পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুদীপ্ত মৈত্রকে উদ্ধার করে বাগদা থানায় নিয়ে যাওয়া হয়। রাতে ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ হলে পুলিস শিক্ষককে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে পকসো আইন মামলা দায়ের করেছে পুলিস।
স্কুলের প্রধান শিক্ষক দিলীপকুমার সরকার বলেন, কয়েকজন ছাত্রী লিখিতভাবে সহকারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনেছে। আমরা অভিযুক্ত শিক্ষকের কাছ থেকে লিখিতভাবে উত্তর পেয়েছি। কিছু অভিযোগ সত্য, কিছু অভিযোগ অসত্য, দাবি করেছেন ওই শিক্ষক। পুলিস তাঁকে গ্রেপ্তার করেছে। নিজস্ব চিত্র