নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পড়ুয়া টানতে বিভিন্ন জায়গায় পোস্টার ও ব্যানার লাগিয়েছিল কর্তৃপক্ষ। হাতেনাতে তার ফল পেল ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়। স্নাতকে ভর্তির জন্য এখানে গতবারের তুলনায় অনেক বেশি আবেদন জমা পড়েছে বলে উচ্চ শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে। সবটাই অনলাইনে। দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে ৩৮৩টি আসন রয়েছে। তার জন্য আবেদন জমা পড়েছে ৭০০-রও বেশি। গত বছর এখানে ভর্তির জন্য আবেদন জমা পড়েছিল সাড়ে ৩০০’র কাছাকাছি। এবার পড়ুয়াদের মধ্যে ইংরেজি নিয়ে পড়ার আগ্রহ লক্ষণীয়। কারণ ২৩৩টি আবেদনের মধ্যে ৬৪ জনই ইংরেজিকে তাঁদের প্রথম পছন্দের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের মধ্যে এটাই সর্বাধিক। ইংরেজি অনার্সে ৪৯টি আসন রয়েছে।



