ইংলিশবাজার পুরসভা: আর্থিক সংকটের মধ্যেও কর্মীদের বেতন বৃদ্ধি, কর প্রদানে ছাড় নিয়ে উচ্ছ্বসিত কাউন্সিলাররা
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মালদহ: বিপুল আর্থিক সংকট সত্ত্বেও অস্থায়ী কর্মীদের বেতন ২০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীই পথ দেখিয়েছেন বলে জানালেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার সরকারি দলের মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি। এক লাফে ২০ শতাংশ বেতন বৃদ্ধির পাশাপাশি নির্দিষ্ট সময়ে কর প্রদানে নাগরিকদের ২০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্তও ইতিমধ্যে সাড়া ফেলেছে ইংলিশবাজারে। তৃণমূল কংগ্রেস ছেড়ে নিজেদের নির্দল ঘোষণা করা কাউন্সিলাররাও অম্লানের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত। কীভাবে মেটানো হবে এই বেতন বৃদ্ধি এবং কর প্রদানে ছাড়ের অর্থ তা ব্যাখ্যা করে অম্লান ভাদুড়ির বক্তব্য, ইচ্ছা থাকলে উপায় হয়। আমরা পুরসভার আয়ের নতুন নতুন উৎস তৈরি করার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করেছি।৭ অক্টোবর ইংলিশবাজার পুরসভায় বিধায়ক অম্লান ভাদুড়ির নেতৃত্বে বোর্ড গঠন করে বিজেপি। চেয়ারম্যান হয়েই অম্লান ঘোষণা করেন, জঞ্জাল পরিষেবা কর প্রত্যাহারের কথা। দীর্ঘদিন ওই বিষয়ে ক্ষোভ জমছিল মানুষের মনে। এবার অস্থায়ী কর্মীদের এক ধাক্কায় ২০ শতাংশ মাসিক বেতন বৃদ্ধির সিদ্ধান্তও চমকে দিয়েছে অনেককে। পাশাপাশি নির্দিষ্ট সময়ে কর প্রদানে উৎসাহ দিতে ২০ শতাংশ ছাড়ের সিদ্ধান্তও অভূতপূর্ব বলে জানিয়েছেন বাসিন্দারা। ইংলিশবাজার পুরসভার বেহাল আর্থিক অবস্থার কথা প্রকাশ্যে জানিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তাঁর আমলেই পুরসভা জঞ্জাল কর আরোপ করেছিল। আর্থিক অবস্থা বেহাল হলে পুরসভার নতুন জনমোহিনী সিদ্ধান্তে কি আরও দুর্বল হলে না ভাঁড়ার?এই প্রশ্নের জবাব দিয়ে অম্লান ভাদুড়ি বলেন, বিগত তৃণমূল সরকার রাজ্যে প্রায় আট লক্ষ কোটি টাকার দেনা রেখে গিয়েছিল। সরকারি কর্মচারী শিক্ষকরা বঞ্চিত ছিলেন প্রাপ্য থেকে। কিন্তু ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ২০ শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে রেকর্ড করেছেন। অন্নপূর্ণা ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার টাকা দ্বিগুণ হয়েছে। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও সঠিক পরিকল্পনার মাধ্যমে আয় বৃদ্ধি এবং মানুষকে আর্থিক সহায়তা দেওয়া সম্ভব। ইংলিশবাজার পুরসভা মুখ্যমন্ত্রীর দেখানো পথেই হাঁটছে। ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান বলেন, আর্থিক সমস্যা তো রয়েইছে। কিন্তু আমরা পুরসভার আয়ের নতুন উৎস খুঁজে বের করতে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছি। আমরা দেখাব সমস্যা মিটিয়ে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। অম্লান ভাদুড়ির সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করে তৃণমূল ত্যাগী নির্দল কাউন্সিলর তথা চেয়ায়ম্যান ইন কাউন্সিল সদস্য শুভময় বসু বলেন, পুরসভার নতুন চেয়ারম্যান কর্মী ও জনস্বার্থে যা সিদ্ধান্ত নিয়েছেন তা যুগান্তকারী। তিনি পুরসভা নিয়ে লাগাতার পরিকল্পনা করছেন। আমরা তাঁর সমস্ত সিদ্ধান্ত বাস্তবায়িত করতে একযোগে কাজ করছি। 

Advertisement