সংবাদদাতা, মালদহ: বেআইনি আগ্নেয়াস্ত্র পরীক্ষা করতে গিয়ে গুলিতে জখম হল এক তরুণ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানার মহদিপুর গ্রাম পঞ্চায়েতের রামকেলি এলাকায়। মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় যুবককে গ্রেফতার করেছে ইংলিশবাজার থানার পুলিশ। তার কাছে থেকে একাধিক আগ্নেয়াস্ত্র এবং তাজা কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
ধৃত যুবকের নাম অপূর্ব ঘোষ ওরফে বুবাই। পুলিশের এক পদস্থ আধিকারিক জানান, আগ্নেয়াস্ত্র পরীক্ষা করার সময় আচমকাই গুলি ছিটকে যুবকের পায়ে লাগে। গুলির শব্দে চমকে ওঠেন ওই যুবকের পরিবারের সদস্যরা। এরপরই পুলিশের কানে যায় বিষয়টি। ততক্ষণে ওই যুবককে ভর্তি করা হয়েছে মালদহ মেডিক্যালে। খোঁজ নিতে জখম যুবকের বাড়িতে পৌঁছয় লুকোচুরি ফাঁড়ির পুলিশ। তল্লাশি চালিয়ে সন্ধান মেলে দু’টি আগ্নেয়াস্ত্রের। তার মধ্যে একটি ৭ মিলিমিটারের ওয়ান শটার। সঙ্গে মেলে দুই রাউন্ড তাজা বুলেটও।
জেলা পুলিশের এক আধিকারিক বলেন, মেডিক্যাল থেকে ছাড়া পেলে আদালতের মাধ্যমে ওই যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে, আগ্নেয়াস্ত্র চালানোর মতো দক্ষতা ওই যুবকের ছিল না বলেই প্রাথমিক অনুমান পুলিশ আধিকারিকদের।
স্থানীয়দের একাংশ জানিয়েছেন, কয়েক মাস আগে গৌড় কলেজের ছাত্র ছিল ধৃত। কিন্তু পরে সে লেখাপড়া বন্ধ করে দেয়। কী কারণে সে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছিল, তা নিয়েও তাঁদের কোনও ধারণা নেই।
এই ঘটনার পর বিরোধীরা তীব্র কটাক্ষ করেছে পুলিশকে। মালদহ দক্ষিণ জেলা বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, তৃণমূল সরকারের পুলিশ এখন আর আইনের রক্ষক নয়। তাদের মেরুদণ্ড নুইয়ে পড়েছে। তাই জেলাজুড়ে পুলিশের নাকের ডগাতেই বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবারের রমরমা।
জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসুর দাবি, পুলিশ সতর্ক রয়েছে বলেই দুষ্কৃতীরা গ্রেফতার হচ্ছে।