Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইংল্যান্ডকে উতরে দিলেন কেন, জয়ী ডাচরাও

ইংল্যান্ডকে উতরে দিলেন কেন, জয়ী ডাচরাও
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অ্যান্ডোরা- ০                 :                     ইংল্যান্ড- ১
ফিনল্যান্ড- ০                 :             নেদারল্যান্ডস- ২

Advertisement

বার্সেলোনা: ফিফা র‌্যাঙ্কিংয়ে দু’দলের মধ্যে ব্যবধান ১৬৯। ধারেভারে কয়েক যোজন পিছিয়ে থাকা অ্যান্ডোরার বিরুদ্ধে কোনওক্রমে জিতল ইংল্যান্ড। শনিবার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ৫০ মিনিটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দলকে মূল্যবান তিন পয়েন্ট এনে দেন হ্যারি কেন। উল্লেখ্য, দেশের জার্সিতে ৭২তম গোলটি সেরে ফেললেন ইংল্যান্ড অধিনায়ক। এই জয়ের সুবাদে বিশ্বকাপের বাছাই পর্বে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ কে’তে শীর্ষস্থান ধরে রাখল টমাস টুচেলের ছেলেরা। আগামী মঙ্গলবার সেনেগালের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে মাঠে নামবেন হ্যারি কেনরা। এই ম্যাচে নিজেদের গুছিয়ে নেওয়াই লক্ষ্য থ্রি লায়ন্সের।
বিশ্বকাপের বাছাই পর্বে টানা তৃতীয় ম্যাচে জয় পেলেও শনিবার ছেলেদের খেলায় মোটেই সন্তুষ্ট নন ইংল্যান্ড কোচ। বিশেষত ১৭৩তম স্থানে থাকা অ্যান্ডোরা যেভাবে প্রথমার্ধে ইংল্যান্ডের শক্তিশালী আক্রমণভাগকে রুখে দিয়েছিল, তা অবশ্যই আগামী দিনে টুচেলের চিন্তা বাড়াবে। এমনকী, ম্যাচে লিড নেওয়ার পরেও ব্যবধান বাড়ানোর কোনও প্রয়াস দেখা যায়নি পামার-বেলিংহ্যামদের মধ্যে। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই হতাশার সুর শোনা গেল ইংল্যান্ড কোচের গলায়। টুচেল বলেন, ‘দল তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ঠিকই, তবে এই পারফরম্যান্স সন্তোষজনক নয়। কোথাও যেন ছেলেরা মনঃসংযোগ হারিয়ে ফেলেছিল। ওদের খেলায় তাগিদের অভাব ছিল স্পষ্ট। পরের ম্যাচের আগে অবশ্যই এই বিষয়গুলির উপর নজর দিতে হবে।’
দিনের অপর ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে অভিযান শুরু করল নেদারল্যান্ডস। অ্যাওয়ে ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারাল ডাচ ব্রিগেড। স্কোরশিটে নাম তোলেন মেম্ফিস ডিপে ও ডেনজিল ডামফ্রিস। বাছাই পর্বের পরবর্তী ম্যাচে মাল্টার মুখোমুখি হবে রোনাল্ড কোম্যানের ছেলেরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ