ঘানাকে বশ মানালেই পরের রাউন্ডে পৌঁছে যাবে ইংল্যান্ড
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বোস্টন: গ্রেটার ম্যাঞ্চেস্টারের উড স্ট্রিটে জিওফ হার্স্টের মুরাল সাজানো। নিজের হাতেই তা উদ্বোধন করেন ইংল্যান্ডের কিংবদন্তি। আগামী ৩০ জুলাই থ্রি লায়ন্সের একমাত্র বিশ্বকাপ জয়ের ৬০ বছর পূর্তি। ববি চার্লটন, গর্ডন ব্যাঙ্কসের দলের একমাত্র জীবিত সতীর্থকে ঘিরে সেলিব্রেশনের একরাশ পরিকল্পনাও সারা। টমাস টুচেলের দল এবার কাপ জিতলে নিঃসন্দেহে তা অন্য মাত্রা পাবে। কিন্তু ইংল্যান্ড কি পারবে? বিশেষ করে নক-আউটে থ্রি লায়ন্সের রেকর্ড মোটেও আশাব্যঞ্জক নয়। এক্ষেত্রে হ্যারি কেনদের পূর্বসূরী জিওফ হার্স্টের বাজি স্পেন। থ্রি-লায়ন্স তাঁর কাছে বড়ো জোর সেমি-ফাইনালিস্ট। গ্রুপ ‘এল’ –এ ইংল্যান্ডের শুরুটা অবশ্য মন্দ হয়নি। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে বশ মানিয়েছে টুচেল ব্রিগেড। হ্যারি কেন, বেলিংহ্যামরা গোল পাওয়ায় স্বস্তিতে থিঙ্কট্যাঙ্ক। মঙ্গলবার ভারতীয় সময় রাত দেড়টায় ইংল্যান্ডের প্রতিপক্ষ ঘানা। জিতলই নক-আউটে কনফার্ম হ্যারি কেনরা। তবে কার্লোস কুইরোজের ঘানাও তৈরি। অংকের বিচারে তারাও নক-আউটের দাবিদার।

Advertisement

টমাস টুচেল প্রেসিং ফুটবলের ভক্ত। ৪-২-৩-১ তাঁর পছন্দের ফর্মেশন। সবচেয়ে বড় কথা হ্যারি কেন গোল পাচ্ছেন। অভিজ্ঞ স্ট্রাইকার ছন্দে থাকলে টুচেলের চিন্তা কমবে। ফর্মে থাকা বুকায়ো সাকাকে এখনও লুকিয়ে রেখেছেন টুচেল। তবে রক্ষণ নিয়ে কিছুটা প্রশ্ন থাকছেই। অভিজ্ঞ হ্যারি ম্যাগুইরে স্কোয়াডে জায়গা পাননি। স্টপারে জন স্টোন্স ও এজরি কোনসাকে খেলাচ্ছেন টুচেল। ইংল্যান্ড রক্ষণে গোলাগুলি ছুঁড়ে দু’গোল করেছে ক্রোটরা। বিশেষজ্ঞদের মত, জার্মান কোচ টুচেলের আসল পরীক্ষা শুরুই হয়নি। ফুটবল মাঠে ইংল্যান্ডের সঙ্গে চিরকালীন আকচাআকচি জার্মানদের। অথচ এক জার্মানের হাতেই ন্যস্ত ইংল্যান্ডের কাপভাগ্য। তবে ঘানাও প্রথম ম্যাচে পানামাকে বশ মানিয়েছে। প্রবল প্রতিপক্ষকে টেক্কা দিতে পারলে তাদের সামনেও পরের রাউন্ডে পৌঁছানোর সুযোগ।