পারথ: আকাশে রোদ। তা সত্ত্বেও বিদ্যুৎ চমকাচ্ছে। এজন্যই বুধবার সকালে বন্ধ হয়ে গেল অস্ট্রেলিয়ার অনুশীলন। মাঠ থেকে পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে বিদ্যুৎ চমকালে অস্ট্রেলিয়ার মাঠে এটাই নিয়ম। ক্রিকেটাররা যতই অবাক হন না কেন, নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। শুক্রবার শুরু হতে চলা অ্যাসেজের প্রথম টেস্টের আগে যা হোমটিমের প্রস্তুতিতে ব্যাঘাত আনল।
ইংল্যান্ড আবার এদিনই ১২ জনের দল ঘোষণা করে দিল। তাতে রয়েছেন— বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, মার্ক উড, জোফ্রা আর্চার ও শোয়েব আখতার। দেখার হল, ইংল্যান্ড চার বিশেষজ্ঞ পেসার উড, আর্চার, অ্যাটকিনসন ও কার্সকে নিয়ে নামে কিনা। সঙ্গে অলরাউন্ডার স্টোকসও রয়েছেন। এঁরা প্রত্যেকেই ঘণ্টায় ৯০ মাইল গতিতে বল করার ক্ষমতা ধরেন। এরমধ্যে উড শেষবার টেস্টে নেমেছেন গতবছরের আগস্টে। ইংল্যান্ড লায়ন্সের হয়ে সদ্য ওয়ার্ম-আপ ম্যাচের সময় বাঁ হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি টের পান তিনি। স্ক্যানও করা হয়। তবে রিপোর্টে খারাপ কিছু আসেনি। ১২ জনের দলে নাম থাকায় পরিষ্কার, নতুন বল হাতে দৌড়ে আসতে তিনি প্রস্তুত। পারথের কিউরেটর ইসাক ম্যাকডোনাল্ডের মতে, পিচে গতি ও বাউন্স থাকবে। যা কাজে লাগাতেই পারেন উড। অফ স্পিনার শোয়েব বশিরও রয়েছেন ঘোষিত দলে। সফরকারী দলের চোখে ধরা পড়েছে পিচের শুকনো ভাব। সেজন্যই বশিরকে ব্যবহারের ভাবনা রয়েছে। এছাড়া, এই মাঠে শেষ পাঁচটি টেস্টে সবচেয়ে বেশি উইকেট অস্ট্রেলিয়ার অফ স্পিনার নাথান লিয়ঁ (২৯)। সেটাও মাথায় রাখছেন স্টোকসরা। ২২ বছর বয়সি বশিরই এখন তাঁদের একনম্বর স্পিনার। আক্রমণে বৈচিত্র্য আনতে তাঁকে খেলানো হতেই পারে।
অস্ট্রেলিয়ার হয়ে আবার দু’জনের টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা। তাঁরা হলেন ওপেনার জ্যাক ওয়েদারাল্ড ও পেসার ব্রেন্ডন ডোগেট। পারথ টেস্টে অজিরা পাচ্ছে না অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডকে। এজন্য বাড়তি দায়িত্ব পালন করতে প্রস্তুত বলে জানিয়েছেন মিচেল স্টার্ক। বাঁ-হাতি পেসার সাফ বলেছেন, ‘নিজেদের ভূমিকা সম্পর্কে আমাদের সবার স্পষ্ট ধারণা রয়েছে। হ্যাঁ, আমার অভিজ্ঞতা অবশ্য বাকিদের তুলনায় একটু বেশি। তবে স্কট বোল্যান্ডও দীর্ঘদিন খেলছে। তাই বেশি ভাবনাচিন্তা করছি না। একজোট থাকায় জোর দিচ্ছি।’