লিসবন: বিশ্বকাপ বাছাই পর্বে গত ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দলের জয়ের দিনেও একরাশ হতাশার মধ্যেই মাঠ ছাড়তে হয়েছিল পর্তুগিজ মহাতারকাকে। তবে মঙ্গলবার দেশের জার্সিতে চেনা মেজাজেই ধরা দিলেন সিআরসেভেন। ঘরের মাঠে হাঙ্গেরির বিরুদ্ধে জোড়া গোলে দুরন্ত প্রত্যাবর্তন রোনাল্ডোর। সেই সঙ্গে কেরিয়ারে ৯৪৮টি লক্ষ্যভেদ সেরে ফেললেন তিনি। তবে রোনাল্ডোর গোলে ফেরার দিনে জিততে ব্যর্থ পর্তুগাল। ঘরের মাঠে ২-২ গোলে ড্র করল রবার্তো মার্তিনেজের ছেলেরা। উল্লেখ্য, মঙ্গলবার জিতলেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতেন তাঁরা। তবে সেই অপেক্ষা আপাতত কিছুটা বাড়ল। আপাতত ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ-এফ’তে শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল।
এদিকে, ইউরোপের প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ইংল্যান্ড। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে লাটভিয়াকে পাঁচ গোল দিল টমাস টুচেলের ছেলেরা। জোড়া গোলে ম্যাচের নায়ক হ্যারি কেন। এছাড়া স্কোরশিটে নাম তোলেন অ্যান্টনি গর্ডন ও এবেরেচি এজে। অপর গোলটি আত্মঘাতী। এই জয়ের সুবাদে বাছাই পর্বে টানা ৬টি ম্যাচ জিতে বিশ্বকাপের মূলপর্বে পৌঁছল ইংল্যান্ড।
বাছাই পর্বে বড় জয় পেল স্পেনও। মঙ্গলবার ঘরের মাঠে বালগেরিয়াকে ৪-০ গোলে হারাল ২০১০ বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোল মিকেল মেরিনোর। এছাড়া পেনাল্টি থেকে জাল কাঁপান মিকেল ওয়ারজাবাল। অন্য গোলটি আত্মঘাতী। এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ-ই’তে শীর্ষস্থান ধরে রাখল লুইস ডে লা ফুয়েন্তের ছেলেরা। দিনের অপর ম্যাচে ইজরায়েলকে ৩-০ গোলে হারাল ইতালি। সেই সঙ্গে সরাসরি ২০২৬ বিশ্বকাপে যোগ্যতা অর্জনের আশা জিইয়ে রাখল আজ্জুরি-ব্রিগেড। ম্যাচে জোড়া গোল মাতেও রেতেগুইয়ের। অপর গোলদাতা জিয়ানলুকা মানচিনি। এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ আই’তে দ্বিতীয় স্থানে জেনারো গাত্তুসোর ছেলেরা।