Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রামকৃষ্ণ সেতুর পাশে অস্থায়ী ব্রিজ তৈরির সম্ভাবনা ফের খতিয়ে দেখলেন ইঞ্জিনিয়াররা

আরামবাগে রামকৃষ্ণ সেতুর পাশে অস্থায়ী ব্রিজ তৈরির সম্ভাবনা খতিয়ে দেখতে ফের পূর্তদপ্তরের ইঞ্জিনিয়াররা পরিদর্শন করলেন। মঙ্গলবার রাজ্য থেকে পূর্তদপ্তরের একটি দল আরামবাগে আসে

রামকৃষ্ণ সেতুর পাশে অস্থায়ী ব্রিজ তৈরির সম্ভাবনা ফের খতিয়ে দেখলেন ইঞ্জিনিয়াররা
  • ২৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগে রামকৃষ্ণ সেতুর পাশে অস্থায়ী ব্রিজ তৈরির সম্ভাবনা খতিয়ে দেখতে ফের পূর্তদপ্তরের ইঞ্জিনিয়াররা পরিদর্শন করলেন। মঙ্গলবার রাজ্য থেকে পূর্তদপ্তরের একটি দল আরামবাগে আসে। পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন পরিদর্শনে ছিলেন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অমিত বিশ্বাস, সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার প্রকাশ পুরকাইত সহ অনেকে। তাঁরা সেতুর পাশে কালীপুর এলাকা ঘুরে দেখেন। 

Advertisement

পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, বেহাল রামকৃষ্ণ সেতু মেরামতির জন্য দ্বারকেশ্বর নদের উপর একটি অস্থায়ী ব্রিজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই অস্থায়ী সেতু দিয়ে যান চলাচল করিয়ে রামকৃষ্ণ সেতু বন্ধ করে মেরামতির কাজ চালানোর প্রাথমিক চিন্তা রয়েছে পূর্তদপ্তরের। সেই অস্থায়ী সেতু নির্মাণের নানা দিক খতিয়ে দেখতে গত সপ্তাহে পূর্ত দপ্তরের কর্তারা আসেন। এদিন ফের চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরাও তা খতিয়ে দেখেন। 
পূর্তদপ্তরের এক ইঞ্জিনিয়ার বলেন, অস্থায়ী সেতু তৈরির আগে সব দিক খতিয়ে দেখতেই এদিন রাজ্যের উচ্চ পদস্থ ইঞ্জিনিয়াররা এসেছিলেন। তাঁদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে। 
উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একাংশ ভেঙে পড়ে। তারপর সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এমনকী, বাস চলাচলেও নিষেধাজ্ঞা জারি করে পূর্তদপ্তর। তার জেরে দু’মাসের বেশি সময় ধরে কালীপুরে অস্থায়ী বাসস্ট্যান্ড হয়। সেখান থেকেই বাঁকুড়া, মেদিনীপুর রুটের বাস যাতায়াত করতে থাকে। কিন্তু, এতে ক্ষতি হচ্ছে বলে সেতুতে বাস চলাচলের অনুমতি চেয়ে দাবি জানায় বাস মালিক সংগঠন। এমনকী, আরামবাগ মহকুমায় দু’দিন বাস চলাচল বন্ধও হয়ে যায়। পরে অবশ্য রাজ্যের আশ্বাসে বাস চলাচলে অনুমতি দেয় প্রশাসন। বর্তমানে সেতুর উপর দিয়ে বাস চলছে। একইসঙ্গে সেতুতে ভার কমাতে গার্ডওয়াল ভাঙার কাজও চালাচ্ছে পূর্তদপ্তর। এরপর সেতুর স্তম্ভ সহ নানা জায়গায় মেরামতির কাজ করবে পূর্তদপ্তর। সেইজন্য সেতু বন্ধ রেখে বিকল্প অস্থায়ী ব্রিজের পরিকল্পনা পূর্তদপ্তর নিচ্ছে। তাই পূর্তদপ্তরের কর্তারা দফায় দফায় পরিদর্শন করছেন। কিন্তু, এখনও সেব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু নেওয়া যায়নি বলে খবর। তাই কোন পথে সেতুর সংস্কার ও যাতায়াত ব্যবস্থা সচল রাখা হবে, তা নিয়ে আলোচনা করছেন পূর্তদপ্তরের ইঞ্জিনিয়াররা।

Advertisement
সম্পর্কিত সংবাদ