Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইঞ্জিন বিকল, বামনহাট পৌঁছনোর আগেই থমকাল উত্তরবঙ্গ এক্সপ্রেস

ইঞ্জিন বিকল, বামনহাট পৌঁছনোর আগেই থমকাল উত্তরবঙ্গ এক্সপ্রেস
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দিনহাটা: দিনহাটা স্টেশনে মন্ত্রী নামার পরেই ট্রেনের ইঞ্জিন বিকল। বৃহস্পতিবার দিনহাটা স্টেশন ছাড়ার কিছু পরেই ওকড়াবাড়ির বাণী দাস এলাকায় আচমকা থমকে যায় উত্তরবঙ্গ এক্সপ্রেসের চাকা। ইঞ্জিন বিকলের কারণে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকে ট্রেনটি। সেই সময় হালকা বৃষ্টি হচ্ছিল বলে সমস্যায় পড়েন ট্রেনের যাত্রীরা। কিছুক্ষণ পর একটি বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটিকে বামনহাট স্টেশনে নিয়ে যায়। দুর্ভোগের যাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। 

Advertisement

এদিন মন্ত্রী কলকাতা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে দিনহাটা ফিরছিলেন। ট্রেনটি সকাল ৯টা ৪০ মিনিটে দিনহাটা স্টেশনে পৌঁছনোর কথা থাকলেও নির্ধারিত সময়ের চেয়ে প্রায় চার ঘণ্টা দেরিতে দুপুর ১টা ৪ মিনিটে স্টেশনে পৌঁছয়। মন্ত্রী সেখানেই নেমে যান। কিছুক্ষণের মধ্যেই দিনহাটা ছেড়ে ফের বামনহাটের দিকে রওনা হওয়া ট্রেনটি ওকড়াবাড়ির বাণী দাস এলাকায় পৌঁছনো মাত্রই থেমে যায়।
যাত্রীদের অভিযোগ, ট্রেনের দায়িত্বে থাকা কোনও কর্মী এ ব্যাপারে পরিষ্কার করে কিছুই জানাচ্ছিলেন না। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। রেল লাইনের দু’ধারে জড়ো হন স্থানীয় মানুষ। 
ক্ষুব্ধ উদয়ন সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমেদাবাদের ঘটনা মনে রেখে এবার প্লেনের বদলে ট্রেন ধরেছিলাম। কিন্তু যে সময় দিনহাটা পৌঁছনোর কথা, তখন ট্রেন ছিল আলুয়াবাড়িতে। 
পরে তিনি বলেন, চার ঘণ্টা দেরিতে আজ উত্তরবঙ্গ এক্সপ্রেস দিনহাটা পৌঁছেছে। একাধিক গুরুত্বপূর্ণ কাজ ছিল। কিন্তু ট্রেন দেরি হওয়ার কারণে সম্ভব হল না। 
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা  বলেন, বৃহস্পতিবার উত্তরবঙ্গ এক্সপ্রেস বামনহাট যাওয়ার সময় দিনহাটা ও বামনহাট স্টেশনের মাঝে ইঞ্জিনে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। ৩টে ২০ মিনিট নাগাদ রিলিফ ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ