পাচারের আগেই উদ্ধার বিপন্ন প্রজাতির স্লো লরিস, গ্রেপ্তার ২
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: বন্যপ্রাণী পাচারের চেষ্টা বানচাল করল কল্যাণী থানার পুলিশ। কল্যাণী-বারাকপুর এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হয়েছে বিপন্ন প্রজাতির একটি স্লো লরিস বা লজ্জাবতী বানর। এই ঘটনায় সুজয় দাস ও ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় নামের দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ধৃতদের ১০ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে কল্যাণী আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কল্যাণী থানার পুলিশ গোপন সূত্রে বন্যপ্রাণী পাচারের খবর জানতে পারে। সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটর বাইকে করে আসা দুই ব্যক্তিকে আটক করে। তারা একটি প্লাস্টিকের ঝুড়ি করে লজ্জাবতী বানর নিয়ে যাচ্ছিল। তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিরল প্রজাতির ওই বানর। পুলিশের প্রাথমিক অনুমান, প্রাণীটিকে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। লক্ষাধিক টাকায় এটি বিক্রি করার ফন্দি ছিল তাদের। বুধবার কল্যাণী থানায় সাংবাদিক বৈঠক করে এই ঘটনার কথা জানান মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি অজিত সিং যাদব এবং রানাঘাট পুলিশ জেলার সুপার আশিসকুমার মৌর্য। ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাচারচক্রের শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছে পুলিশ। পুলিশের দাবি, ২০১৬ সালে আলিপুর চিড়িয়াখানা থেকে বন্যপ্রাণী চুরির যে চক্র ধরা পড়েছিল, তার সঙ্গে জড়িত ছিল সুজয়। এই ‘স্লো লরিস’টি কোথা থেকে আনা হয়েছিল, এর সম্ভাব্য ক্রেতা কারা এবং এর পিছনে কোনো স্থানীয় বা আন্তঃরাজ্য পাচারচক্র সক্রিয় কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সুরক্ষা ও পরিচর্যার জন্য উদ্ধার হওয়া স্লো লরিসটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।  নিজস্ব চিত্র

Advertisement