নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্রাতিরিক্ত বৃষ্টিতে কলকাতা শহর এবং তার আশপাশের এলাকার নিকাশি ব্যাবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতায় জল জমা ঠেকাতে মূলত নির্ভর করতে হয় বেলেঘাটা খাল, মণিখালি খাল, চড়িয়াল খালের মতো কয়েকটি নিকাশি খালের উপর। প্রায় ২৬৪ কিমি দৈর্ঘ্যের এই সমস্ত খালের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে রাজ্য সেচদপ্তর। মূলত ব্রিটিশ আমলে তৈরি এই খালগুলি প্রতিদিন ১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাতের জল নিষ্কাশন করতে পারে। এখানেই প্রশ্ন, তাহলে কি মঙ্গলবারের মতো মাত্রাতিরিক্ত বৃষ্টি হলে ফের একই পরিস্থিতির সম্মুখীন হতে হবে শহরবাসীকে? কারণ, বর্তমানে নতুন করে খাল কাটা সম্ভব নয়। সেক্ষেত্রে খালগুলির সংস্কারই একমাত্র উপায়। কাজটি অনেকাংশেই তাঁর দপ্তর করেছে বলে দাবি সেচমন্ত্রী মানস ভুঁইয়ার। তবে খালের দু-ধারের জবরদখলকারীর জন্য যে সমস্যা হচ্ছে, সেকথাও উড়িয়ে দেননি তিনি। একই সঙ্গে এটিকে সামাজিক সমস্যা বলেই তিনি দেখছেন। বুধবার জলসম্পদ ভবনে জবরদখল নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খাল ড্রেজিংয়ের সময় আস্ত খাট, গদি, আসবাবপত্র পর্যন্ত পাওয়া গিয়েছে! এটি আসলে একটি সামাজিক সমস্যা। সচেতনতা বৃদ্ধি করে এর মোকাবিলা করতে হবে।’



