Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গারামপুর সুপার স্পেশালিটিতে জবরদখল, বুলডোজার চালানোর আবেদন

গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অবৈধ দখল নিয়ে ক্ষোভ। রোগীদের সুবিধার জন্য দ্রুত বুলডোজার চালানোর দাবি। বিস্তারিত পড়ুন।

গঙ্গারামপুর সুপার স্পেশালিটিতে জবরদখল,  বুলডোজার চালানোর আবেদন
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে গড়ে ওঠা দোকান, হোটেল ও পার্কিং নিয়ে সরব হয়েছেন শহরবাসী। হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবৈধ পার্কিং ও বিভিন্ন বাণিজ্যিক কার্যকলাপ চললেও প্রশাসন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের জায়গা দখল করে বছরের পর বছর  ব্যবসা চলছে। অথচ রোগীর পরিজনদের বসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। হাসপাতালের ভেতরে সারিবদ্ধভাবে খাবারের দোকান, হোটেল ও অন্য বাণিজ্যিক পরিকাঠামো গড়ে ওঠায় হাসপাতালের পরিবেশ ও স্বাভাবিক পরিষেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালের জরুরি বিভাগের সামনে গড়ে ওঠা বেসরকারি গাড়ির পার্কিং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। রোগীর পরিজনদের মতে, এই পার্কিং কার্যত হাসপাতালের প্রবেশপথকে সংকুচিত করে ফেলেছে। যার ফলে জরুরি পরিষেবার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। রাজ্যজুড়ে সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের কঠোর অবস্থান এবং বুলডোজার চললেও গঙ্গারামপুরে এই ধরনের কড়া পদক্ষেপ হবে কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রোগীর পরিজনদের দাবি, হাসপাতাল চত্বরে থাকা সরকারি পুকুরের সৌন্দর্যায়ন, উন্মুক্ত বসার জায়গা তৈরি এবং অবৈধ দখলদারদের সরিয়ে দেওয়া হোক। স্বাস্থ্য পরিষেবার স্বার্থে হাসপাতাল চত্বরকে সম্পূর্ণ দখলমুক্ত করা জরুরি। রোগীর আত্মীয় দীপায়ন মণ্ডল বলেন, তৃণমূল আমল থেকেই হাসপাতাল চত্বরে দখলদারির অভিযোগ রয়েছে। রোগীর আত্মীয়রা বসার জায়গা পান না। অথচ হাসপাতালের ভেতরে তামাকজাত দ্রব্যের দোকান, হোটেল ও পার্কিং জোন তৈরি হয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, প্রশাসনকে আমাদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সরকারি জমি দখল বরদাস্ত করা হবে না।  দখলমুক্ত করতে যে ধরনের পদক্ষেপ প্রয়োজন, প্রশাসন তা করবে। আমরা চাই সুস্থ পরিবেশ ও সুস্থ সমাজব্যবস্থা গড়ে উঠুক। নতুন প্রশাসন হাসপাতালের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে কতটা উদ্যোগী হয়, সেদিকেই নজর রয়েছে সকলের।  হাসপাতাল চত্বর জবরদখল।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ