গুরুগ্রামে এনকাউন্টার, নিকেশ দীপক নন্দাল গ্যাংয়ের ৪ দুষ্কৃতী
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাতের অন্ধকারে গুরুগ্রামে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হল চার দুষ্কৃতীর। আহত আরও একজন। গুলি বিনিময়ে জখম হয়েছেন তিন পুলিশকর্মীও। ৬০ রাউন্ডেরও বেশি গুলি চলেছে বলে খবর। বৃহস্পতিবারের এই ঘটনায় আরও একবার শিরোনামে উঠে এল সংগীত জগৎ থেকে অপরাধের দুনিয়ায় পা রাখা কুখ্যাত গ্যাংস্টার দীপক নন্দালের নাম। নিহত দুষ্কৃতীরা সকলে দীপকের গ্যাংয়ের সদস্য বলেই দাবি প্রশাসন সূত্রে। 

Advertisement

গুরুগ্রামের সুশান্তলোক ফেজ-২ এলাকায় একদল সশস্ত্র দুষ্কৃতী গাড়ি নিয়ে ঘুরছে বলে রাতে খবর পেয়েছিল পুলিশ। অফিসাররা পৌঁছানোর আগে এক ব্যবসায়ীর বাড়ির বাইরে গুলিও চলে। দুষ্কৃতীদের আত্মসমর্পণ করার নির্দেশ দিলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রত্যাঘাত করেন পুলিশকর্মীরাও। তাতেই ওই চার দুষ্কৃতীর মৃত্যু হয়। নিহত ও আহত দুষ্কৃতীরা দীপক নন্দালের অধীনে কাজ করত বলে জানা গিয়েছে। একসময় হরিয়ানভি মিউজিক ইন্ডাস্ট্রির প্রযোজক ও র‌্যাপার ছিল দীপক। কাজ করেছেন বাদশা, রাহুল ফাজিলপুরিয়ার মতো একাধিক সংগীতশিল্পীর সঙ্গে। জানা যায়, টাকা নিয়ে রাহুলের সঙ্গে বচসার সুবাদেই দীপকের গ্যাংস্টার পরিচয় প্রকাশ্যে চলে আসে। রাহুলের হিসাবরক্ষককে খুন করা হয়। গুলি চালানো হয় তাঁর ম্যানেজারের বাড়িতেও। এমনকি রাহুলকেও খুনের চেষ্টা করে দীপক। এছাড়াও তোলাবাজি, খুন সহ একাধিক ধারায় মামলা রয়েছে। সূত্রের খবর, এই মুহূর্তে দেশ থেকে পালিয়ে ইংল্যান্ডে ঘাঁটি গেড়েছে দীপক। সেখান থেকেই চালাচ্ছে গোটা গ্যাং।