নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রাজ্যের মধ্যে নজির। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) সঙ্গে যৌথভাবে পরিবহণ ‘ব্যবসায়’ শিলিগুড়ি পুরসভা। বুধবার তারা তিনবাত্তিতে এনবিএসটিসির জমিতে স্ট্যান্ডের উদ্বোধন করে এমনই ইঙ্গিত দিয়েছে। এদিন সেখান থেকে চারটি রুটের বাস পরিষেবা চালু হয়েছে। শুধু তাই নয়, শহরের যানজট মেটাতে কোর্ট মোড় থেকে বেসরকারি বাসস্ট্যান্ড নয়া স্ট্যান্ডে স্থানান্তরিত করার উদ্যোগও নেওয়া হয়েছে বলেও খবর।
Advertisement
শিলিগুড়ি শহরের উপকণ্ঠে তিনবাত্তিতে দীর্ঘদিন ধরে পতিত অবস্থায় পড়ে ছিল এনবিএসটিসির জমি। বছর খানেক আগে সেখানে স্ট্যান্ড তৈরির উদ্যোগ নেয় পুরসভা। কয়েক দিন আগে তারা স্ট্যান্ডের নির্মাণ কাজ শেষ করে। এদিন আনুষ্ঠানিকভাবে সেটির উদ্বোধন করেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। অনুষ্ঠানে এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ডেপুটি পুলিস কমিশনার (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর, সমাজকর্মী অলোক চক্রবর্তী প্রমুখ উপস্থিতি ছিলেন। প্রশাসন সূত্রের খবর, স্ট্যান্ডটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২ কোটি ৫৮ লক্ষ টাকা। যারমধ্যে পরিবহণ দপ্তর ১ কোটি ২৪ লক্ষ এবং পুরসভা ১ কোটি ৩৪ লক্ষ টাকা প্রদান করেছে। মেয়র বলেন, স্ট্যান্ডটি এনবিএসটিসিকে তৈরি করে দেওয়া হল। নিয়মিত এটি রক্ষণাবেক্ষণ করা হবে। এখান থেকে বাস চালিয়ে যা আয় হবে, সবটাই এনবিএসটিসির। পুরসভা কোনও অর্থ নেবে না। এনবিএসটিকে চাঙ্গা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের মধ্যে প্রথম কোনও পুরসভা এ ধরনের স্ট্যান্ড তৈরি করেছে। প্রসঙ্গত, সংশ্লিষ্ট এলাকায় জমির পরিমাণ প্রায় সাড়ে সাত বিঘা। একদা এখানে এনবিএসটিসির ডিভিশনাল অফিস ছিল। পরবর্তীতে মাটিগাড়ায় তা সরিয়ে নিয়ে যাওয়া হয়। বামফ্রন্ট জমানায় জমিটি একটি বহুজাতিক সংস্থাকে লিজ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছিল বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে পতিত সেই জমি সংস্কার করে স্ট্যান্ড নির্মাণ করা হয়েছে। তাতে যাত্রী প্রতীক্ষালয়, টিকিট কাউন্টার, পানীয় জলের ব্যবস্থা, পুরুষ ও মহিলা বাথরুম, ১৫টি বাস দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে। এনবিএসটিসির চেয়ারম্যান বলেন, এটা শিলিগুড়ি পুরসভার ঐতিহাসিক পদক্ষেপ। তাদের সঙ্গে যৌথভাবে এখানে মার্কেট কমপ্লেক্স, অতিথি নিবাস তৈরি করা হবে। এই পুরসভার দেখানো পথে উত্তরবঙ্গের অন্যান্য পুরসভা, জেলা পরিষদ এগিয়ে আসলে নিগমের সুবিধা হবে। এতে যাত্রী পরিষেবার মান যেমন বাড়বে, তেমনই নিগমের আয়ও বাড়বে। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে পরিবহণ পরিষেবা দিতে চাই। এদিনই সংশ্লিষ্ট স্ট্যান্ড থেকে নিগমের চারটি বাস চালানো হয়। নিগম সূত্রের খবর, এই স্ট্যান্ড থেকে নকশালবাড়ি, খড়িবাড়ি, পানিট্যাঙ্কি ও পাহাড়গুড়িয়া রুটে বাস চালানো হবে। এখন চারটি বাস দিনে ১২ ট্রিপ চলবে। বাসগুলি ৩২ আসন বিশিষ্ট। এদিকে, দীর্ঘদিন ধরে শহরের কোর্ট মোড় থেকে লোকাল রুটের বেসরকারি বাস নিয়ন্ত্রণ করা হয়। শহরের যানজট মেটাতে সংশ্লিষ্ট স্ট্যান্ড তিনবাত্তিতে স্থানান্তরিত করার উদ্যোগ দীর্ঘদিনের। এজন্যই তিনবাত্তির স্ট্যান্ড তৈরি। মেয়র বলেন, বেসরকারি বাস তিনবাত্তির স্ট্যান্ডে আসলেই শহরের যানজট অনেকটা মিটবে বলে আশাবাদী।



