সংবাদদাতা, শিলিগুড়ি: ট্রেনের টিকিট কাটার জন্য আর লাইনে দাঁড়িয়ে হয়রান হতে হবে না। উত্তর-পূর্ব সীমান্ত রেলের পাঁচটি ডিভিশন, কাটিহার, রঙিয়া, আলিপুরদুয়ার, লামডিং ও তিনসুকিয়ার মোট ৫৮৮টি বুকিং কাউন্টারে কিউআর কোড বসান হয়েছে। এর ফলে উত্তর-পূর্ব সীমান্ত রেলের নেটওয়ার্কের প্রধান স্টেশনগুলিতে লাইনে না দাঁড়িয়ে কিউআর মেশিনে ডিজিটাল পেমেন্ট করে যাত্রীরা টিকিট কাটতে পারবেন। সোমবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, কাটিহার ডিভিশনে ১৬৭টি, আলিপুরদুয়ারে ৯৬টি, রঙিয়ায় ৮৭টি, লামডিঙে ১৭৫টি ও তিনসুকিয়ায় ৬৩টি এমন কাউন্টার করা হয়েছে। উৎসবের মরশুমে একাধিক স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। বুকিং কাউন্টারগুলিতে কিউআর কোড মেশিন থাকার ফলে ভ্রমণকারীরা উপকৃত হচ্ছেন। নগদে টিকিট কাটার যে লম্বা লাইন সেখানে তাদের দাঁড়ানোর প্রয়োজন হচ্ছে না। ডিজিটাল পেমেন্ট করে দ্রুত টিকিট কাটা যাচ্ছে।



