Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এলাকার নিরাপত্তা রক্ষায় যুবকদের ২০ টি গ্রুপ চাঁচলে

এলাকার নিরাপত্তা রক্ষায় যুবকদের ২০ টি গ্রুপ চাঁচলে
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চাঁচল: রাত হলেই গ্রামের অলিগলিতে পাহারায় থাকবে এলাকার যুবকেরা। চুরি ও অন্যান্য অপরাধমূলক ঘটনা আটকাতে এবার বিনা পারিশ্রমিকেই এলাকার যুবকেরা নিয়মিত নৈশপ্রহরীর কাজ করবেন। নদীঘাট থেকে শুরু করে হাটেবাজারে ও ফাঁকা রাস্তায় কড়া নজর থাকবে তাঁদের। এলাকায় নিরাপত্তা রক্ষার কাজে তাঁদের সাহায্য করবে মালদহের চাঁচল পুলিস। উদ্যোগে সাড়া দিয়ে কাজে যোগ দিয়েছেন মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যুবকেরা।
Advertisement
রবিবার রাতে পাঁচজন করে মোট ২০টি গ্রুপ তৈরি করা হয়েছে বলে পুলিস জানিয়েছে। যুবকদের আইডি কার্ড, টর্চ লাইট, লাঠি ও বাঁশি দেওয়া হয়েছে। এলাকায় অপ্রীতিকর ও অপরাধমূলক ঘটনা ঘটলে যুবকরা পুলিসের মোবাইল ভ্যানের সঙ্গে যোগাযোগ করবেন। পুলিসের দাবি, এলাকায় এভাবে যুবকেরা এগিয়ে এলে অপরাধ কমবে। এক যুবক বিপুল কুমার রায় বলেন, এলাকায় অনেক দোকান রয়েছে। আমরা রাত জাগলে দুষ্কৃতীরা ভয় পাবে।  এতে আমাদের সবার লাভ। 
চাঁচল পুলিসের এক আধিকারিক বলেন, বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তবুও শীতকালে কুয়াশার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা অপরাধ করে। সাধারণ মানুষকে এগিয়ে আসার অনুরোধ করে প্রতিটি পঞ্চায়েত এলাকায় আবেদন জানানো হয়েছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহানন্দপুর পঞ্চায়েত এলাকা বিহার লাগায়ো। পাশে রয়েছে স্বরূপগঞ্জ নাকা পয়েন্ট। এলাকায় অপরাধ করে বিহারে সহজে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরকম এলাকায় নৈশপ্রহরী থাকলে অপরাধ অনেকটা কমবে বলে মনে করছেন বাসিন্দারা ও পুলিস। চাঁচল থানার এক আধিকারিক বলেন, যুবকদের গ্রুপ করে নাম দেওয়া হয়েছে রাত জাগা পার্টি। পুলিস তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে।
সম্পর্কিত সংবাদ