নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারত সরকার স্বীকৃত অটোমেটিভ স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিলের সঙ্গে গাঁটছড়া বেঁধে এ রাজ্যে প্রথম ইলেকট্রনিক ভেহিকেল ল্যাব তৈরি করল লার্নিং হাব নামের একটি সংস্থা। এখানে ইলেকট্রিক ভেহিকেল তৈরির বিষয়ে গবেষণা করা হবে। পাশাপাশি ওই গাড়ি মেরামত, প্রযুক্তিগত উন্নয়ন, রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে। মঙ্গলবার দক্ষিণ কলকাতার মিন্টো পার্ক এলাকায় এর সূচনা হয়। সংস্থার কর্ণধার সায়ন্তন সিনহা বিশ্বাস বলেন, আগামী দিনে তাঁদের লক্ষ্য চালকহীন সেন্সর চালিত ইলেকট্রনিক গাড়ি বাজারে আনা। যার জন্য তাঁরা গবেষণা শুরু করেছেন। দ্রুত এই কাজ শেষ করা হবে। এখানে যাঁরা প্রশিক্ষণ নেবেন, এক বছরের প্রশিক্ষণ শেষে তাঁদের সার্টিফিকেট দেওয়া হবে। বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ যে কোনও ছাত্রছাত্রী এখানে প্রশিক্ষণ নিতে পারবেন।



