বাঁকুড়ায় বিভিন্ন জায়গায় বিদ্যুতের মিটার বক্স উন্মুক্ত, স্থানীয়দের ক্ষোভ
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটিতে থাকা মিটার বক্স উন্মুক্ত অবস্থায় পড়ে থাকার অভিযোগ উঠল। স্থানীয়দের ক্ষোভ, মিটার বক্সের ঢাকনা খুলে পাশে থাকায় বিদ্যুৎবাহী তার বিপজ্জনক অবস্থায় বের হয়ে রয়েছে। আশঙ্কা, যে কোনো পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটতে পারে। বারবার জানানো সত্ত্বেও শহরে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা কর্মী-আধিকারিকরা নিষ্ক্রিয় রয়েছেন বলে বাসিন্দাদের অভিযোগ। 

Advertisement

বাঁকুড়া শহরের সতীঘাট এলাকার বাসিন্দা অনিমা কুণ্ডু বলেন, বাড়ির সামনে থাকা বিদ্যুতের খুঁটিতে দীর্ঘদিন ধরে মিটার বক্স খোলা রয়েছে। পুজোর মরশুমে রাতে অনেকে ওই পথ ধরে যাতায়াত করেন। ছোটো ছোটো পড়ুয়ারা টিউশনি পড়তে যায়। অসাবধানতায় ওই মিটার বক্সের সংস্পর্শে গেলে বিদ্যুৎস্পৃষ্টও হতে পারে। কর্মীদের বলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 
বাঁকুড়া সদর মহকুমা শাসক তথা পুর প্রশাসক প্রলয় মণ্ডল বলেন, দ্রুত এব্যাপারে আমরা পদক্ষেপ নেব। লোকালয়ে বিপজ্জনক অবস্থায় যাতে কোনো মিটার বক্স উন্মুক্ত না থাকে তা দেখা হবে।
এর আগে বাঁকুড়া পুরসভার তরফে লাগানো ত্রিফলা বাতিস্তম্ভগুলি বেহাল হয়ে পড়েছিল। স্তম্ভে থাকা বাতির বেশিরভাগ অচল। ত্রিফলা বাতিস্তম্ভ থেকেও বিদ্যুৎবাহী তার বের হয়ে ঝুলছে বলেও অভিযোগ। 
বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, সারাবছর কর্মীরা জরুরি পরিষেবা দিয়ে থাকেন। কোনো অভিযোগ পেলে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্যার সমাধান করেন। যদিও পুরসভার আলাদা বিদ্যুৎ বিভাগ রয়েছে। শহরের মধ্যে বিদ্যুৎ পরিষেবা সচল রাখা, বিশেষ করে পথবাতি রক্ষণাবেক্ষণের দায়িত্বে পুরসভার আলো বিভাগের কর্মী-আধিকারিকরা থাকেন।  বাঁকুড়ায় উন্মুক্ত মিটার বক্স।-নিজস্ব চিত্র