নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হনুমানের উপদ্রব থেকে বাঁচতে বাড়ির টিনের চালে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন গৃহস্থ। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন এক কিশোর সহ প্রতিবেশী পরিবারের তিন সদস্য। ওই কিশোর হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের যমুনাবালিয়া গ্রামে। ওই গৃহস্থ অজয় দলুইকে গ্রেপ্তার করেছে পুলিস।
জগৎবল্লভপুরের শিয়ালডাঙা পঞ্চায়েতের যমুনাবালিয়ায় ইদানীং হনুমানের উপদ্রব বেড়েছে। টিন, টালির চালে দাপিয়ে বেড়াচ্ছে তারা। ভেঙে যাচ্ছে টালি। হনুমানের উপদ্রব থেকে বাঁচতে অজয় দলুই নামের ওই ব্যক্তি তাঁর বাড়ির টিনের চালে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। কিন্তু তাঁর সেই চালের সঙ্গে প্রতিবেশী তরুণ দলুইয়ের বাড়ির টিনের চালের সংস্পর্শ ছিল। ফলে বৃষ্টিতে বিদ্যুৎপ্রবাহ ছড়িয়ে পড়ে। তাতেই সন্ধ্যাবেলায় কোনওভাবে বিদ্যুৎপৃষ্ট হন তরুণবাবুর স্ত্রী ও দুই ছেলে।
তিনজনকেই জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তরুণবাবুর স্ত্রী ও বড় ছেলেকে ছেড়ে দেওয়া হয়। ছোট ছেলে অভিজ্ঞান এখনও চিকিৎসাধীন। তরুণবাবু বলেন, গত শুক্রবার থেকেই বাড়ির টিনের চালে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন অজয়। বড়সড় বিপদ ঘটতে পারত। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও। তাঁদের অনেকেই বলেন, এলাকায় চাষবাস হওয়ায় হনুমানের উপদ্রব রয়েছে। স্থানীয় পঞ্চায়েতকেও এই নিয়ে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু হনুমান তাড়াতে গিয়ে কেউ যদি বাড়িতে বিদ্যুৎ সংযোগ করে রাখেন, সেটা খুবই অন্যায় ও অমানবিক। সোমবার রাতেই অভিযুক্ত অজয় দলুইকে গ্রেপ্তার করে জগৎবল্লভপুর থানার পুলিস। পুলিস জানিয়েছে, বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহার করে নিজের বাড়িকেই মরণফাঁদ বানিয়ে রেখেছিলেন ওই ব্যক্তি। বর্তমান যুগে এমন অজ্ঞতা আশা করা যায় না। বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে লিখিত অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।