নতুন বছরেই প্রতি মাসে বিদ্যুতের বিল
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিন মাস অন্তর বিদ্যুৎ বিলের বদলে এবার প্রতি মাসে বিল পাবেন গ্রাহকরা। দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে ২০২৭ সালের জানুয়ারি থেকে প্রতি মাসে মিটার রিডিং এবং বিল দেওয়ার ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (ডব্লুবিএসইডিসিএল)। এর ফলে একসঙ্গে তিন মাসের বিদ্যুৎ খরচ মেটানোর চাপ থেকে মুক্তি পাবেন লক্ষ লক্ষ গ্রাহক। 

Advertisement

সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নির্বাচনি প্রচারে গ্রাম-শহরের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের কাছ থেকে তিনি ত্রৈমাসিক বিল নিয়ে বিস্তর অভিযোগ পেয়েছিলেন। অনেক গ্রাহকের দাবি ছিল, তিন মাসের পরিবর্তে মাসে মাসে মিটার রিডিং নিয়ে বিল পাঠানো হোক। ক্ষমতায় এলে বিষয়টি বিবেচনা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। পালাবদলের পর সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছিল। সংস্থার পরিচালন পর্ষদের বৈঠকে ইতিমধ্যে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। 
প্রতি মাসে বিল চালু করতে কিছু অতিরিক্ত খরচ হবে। তবে সেই খরচ গ্রাহকদের উপর কোনোভাবেই চাপানো হবে না বলে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। বিদ্যুৎ বণ্টন সংস্থা নিজস্ব তহবিল থেকেই সেই খরচ বহন করবে বলে জানিয়েছেন তিনি। ফলে সরকারের উপরেও নতুন করে আর্থিক বোঝা চাপবে না।
রাজ্য প্রশাসনের এক পদস্থ কর্তা জানান, প্রতি মাসে বিল এলে একদিকে যেমন বিদ্যুৎ খরচের হিসাব রাখা সহজ হবে, তেমনই মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির মাসকাবারি বাজেট তৈরিতেও সুবিধা হবে। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে বিল মেটানোর প্রবণতা বৃদ্ধি পাবে বলে আশাবাদী তিনি। রাজ্যে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার গত ৬ মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘আগের সরকারের আমলে বহু শিল্প ও ব্যবসা বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম ছিল। বর্তমানে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় বিদ্যুতের চাহিদাও বেড়েছে। এই বাড়তি চাহিদা মেটাতে ডিসেম্বর থেকে রাজ্যকে বিদ্যুৎ কিনতে হবে। তার জন্য ইতিমধ্যে দরপত্র ডাকা হয়েছে।’ গত ৬ মাসে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার কতটা বেড়েছে, তার বিস্তারিত পরিসংখ্যান কিছু দিনের মধ্যেই রাজ্য প্রকাশ করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।