Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিতে বিস্ফোরণ, পুড়ে ছাই বাড়ি

ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি সারা রাত চার্জে দেওয়াই কাল হল। ব্যাটারি বিস্ফোরণে পুড়ে গলে বাড়ির বিস্তির্ণ অংশ। সর্বস্বান্ত হতে হল এক পরিবারকে।

ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিতে বিস্ফোরণ, পুড়ে ছাই বাড়ি
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০২
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি সারা রাত চার্জে দেওয়াই কাল হল। ব্যাটারি বিস্ফোরণে পুড়ে গলে বাড়ির বিস্তীর্ণ অংশ। সর্বস্বান্ত হতে হল এক পরিবারকে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ড এলাকায়। রাতে স্কুটারের ব্যাটারি চার্জে বসিয়েছিলেন গৃহকর্তা সুশীল বারুই। সেই ব্যাটারিই ব্লাস্ট হয়ে ঘটে যায় অগ্নিকাণ্ড। বরাত জোরে প্রাণে বাঁচে পরিবারের লোকেরা। তিনটি ঘর সহ সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুড়ে গিয়েছে, রান্নাঘরও। ময়নাগুড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ড এলাকার বাড়িটিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে প্রথমে এলাকার লোকজন ছুটে আসে আগুন নেভানোর জন্য। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে তাদের চোখের সামনেই তিনটি ঘর পুড়ে ছারখার হয়ে যায়।  দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরের ভিতর থেকে কোনো সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছে ওই পরিবারের সদস্যরা। 

Advertisement

সুশীল বারুই বলেন, ‘হঠাৎ করে আগুন লেগে যায়। ঘরে স্ত্রী ও দুই  শিশু ছিল। আমি বাথরুমে ছিলাম। প্রচন্ড আওয়াজ পেয়ে বাথরুম থেকে ছুটে আসি। সেই সময় আগুন লেগে যায়। স্ত্রী ও শিশুদের কোনোভাবে উদ্ধার করি। ঘরের ভিতর আসবাবপত্র, নগদ টাকা, সোনার গয়না যা ছিল সবই পুড়ে ছাড়খার হয়ে গিয়েছে।’ এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ময়নাগুড়ি থানার আইসি  সহ পুলিশ বাহিনী। পরবর্তীতে ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান মনোজ রায়, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিতাভ চক্রবর্তী ঘটনাস্থলে আসেন। তারা সেই পরিবারটির পাশে রয়েছেন বলে জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ