নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ইলেকট্রিক স্কুটারে চেপে ফিরছিলেন স্বামী, স্ত্রী ও সন্তান। কিন্তু, রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল স্ত্রীর। উল্টোদিকে ছিটকে পড়ায় প্রাণে রক্ষা পেয়েছেন স্বামী ও দু’বছরের সন্তান। তবে, জখম হয়েছেন তাঁরা। বৃহস্পতিবার রাতে কৈখালিতে ভিআইপি রোডের উপর এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম পূজা মণ্ডল জয়সওয়াল (৩৪)। স্থানীয় হাতিয়াড়া ঝিলবাগান এলাকায় তাঁদের বাড়ি। নম্বরপ্লেটহীন ই-স্কুটার ছিল। তাই পূজার মাথায় হেলমেট ছিল না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কৈখালি ক্রসিংয়ের কাছে। রাত সাড়ে ১১টা নাগাদ। স্বামী রাজকুমার স্কুটারটি চালাচ্ছিলেন। মাঝখানে বসেছিল সন্তান। একেবারে পিছনে ছিলেন পূজা। স্কুটারটি হলদিরামের দিক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, কৈখালির কাছে রাস্তায় একাধিক গার্ডরেল ছিল। তা এড়ানোর জন্য লরিটি একবার বাঁ দিকে, পরক্ষণেই ডান দিকে সরে সরে যাচ্ছিল। রাজকুমারবাবু বাঁদিক ধরেই ধীরে ধীরে যাচ্ছিলেন। কিন্তু, কোনওভাবে ১০ চাকার ওই লরি তাঁর ডান দিক ঘেঁষে চলে আসে। স্কুটারটি চালকের ব্লাইন্ড স্পটে চলে যায়। স্কুটারের ডানদিকের আয়নায় লরি ধাক্কা মারলে ভারসাম্য হারান রাজকুমার। তিনি ও সন্তান বাঁ দিকে ফুটপাতের অংশে ছিটকে পড়েন। আর পিছনে বসা পূজাদেবী পড়েন ডানদিকে। সেই সময় লরির পিছনের চাকা তাঁর উপর দিয়ে চলে যায়। কিছুটা দূরে গিয়ে লরিটি থামে।
পুলিশ ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ লরিচালক ও লরিটিকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজে দুর্ঘটনার ছবি ধরা পড়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।