কর্ণাটকে এসআইআর: চূড়ান্ত তালিকায় বাদ ১ কোটি ভোটার
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: এসআইআর প্রক্রিয়া শেষে মঙ্গলবার কর্ণাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।  রাজ্য নির্বাচনি আধিকারিক (সিইও) দপ্তর থেকে জানানো হয়েছে,  তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১ কোটি ভোটারের নাম। 

Advertisement

উল্লেখ্য, এসআইআর পর্বে কর্ণাটকে ফর্ম ৭ নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছিল। রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেসের অভিযোগ ছিল, নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা বানাতে নাম বাদ দেওয়ার ফর্ম ৭ গণহারে পূরণের চেষ্টা চালিয়েছে বিজেপি। এমনকি একাধিক বিজেপি নেতার নামে এফআইআর-ও দায়ের হয়েছিল। সেই আবহেই এদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সিইও দপ্তর থেকে বলা হয়েছে, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে কর্ণাটকে মোট ভোটার ছিল ৫ কোটি ৫৪ লক্ষ ৩২,৩১৪ জন। এসআইআর প্রক্রিয়ার পর সেই সংখ্যাটা কমে হয়েছে ৪ কোটি ৫৫ লক্ষ ১১ জন। অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়েছে ৯৯ লক্ষ ৩২ হাজার ভোটারের নাম। চূড়ান্ত তালিকায় পুরুষের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা সামান্য বেশি। দক্ষিণের এই রাজ্যে পুরুষ ভোটার ২ কোটি ২৫ লক্ষ ৪০,৪৯৩। মহিলা ভোটার ২ কোটি ২৯ লক্ষ ১২,৩৫৫। তৃতীয় লিঙ্গের ভোটার ২,৮৪১ জন। ১৮-১৯ বছর বয়সি ভোটারের সংখ্যা ৬ লক্ষ ৮৩ হাজারের বেশি।
কর্ণাটকের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের অভিযোগ ছিল, রাজ্যে গণহারে ভোটারের নাম বাদ দিতে ৫০ লক্ষ ফর্ম ৭ আবেদনপত্র ছাপানো হয়েছে। যদিও নির্বাচন কমিশন জানায়, তাদের কাছে মোট ২ লক্ষ ২৭ হাজার ফর্ম ৭ জমা পড়েছে। এই ইস্যুতে কিছু মিডিয়া রিপোর্ট খারিজ করে সিইও অন্মুককুমার বলেন, গণহারে ফর্ম ৭ জেনারেট করানোর কোনো সুযোগ আধিকারিকদের নেই। শুনানির পর ইআরও বা এইআরও যদি কোনো ভোটারকে অযোগ্য বলে সিদ্ধান্ত নেন, তাহলে সংশ্লিষ্ট আধিকারিকের নামের উল্লেখ সহ-ই ফর্ম ৭ জেনারেট হয়। তিনি আরও জানিয়েছেন, কর্ণাটকে ১ লক্ষ ২৪,৩৩২ জন স্থানান্তরিত ভোটারের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ফর্ম ৭ জেনারেট হয়েছে।