নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর ছুটির পরেই পুরভোট সংগঠিত করতে যাবতীয় প্রস্তুতি সেরে ফলেতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত একাধিক জেলাশাসকের সঙ্গে ভোট প্রস্তুতি সংক্রান্ত বৈঠক সেরেছেন।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর ছুটির পরেই পুরভোট সংগঠিত করতে যাবতীয় প্রস্তুতি সেরে ফলেতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত একাধিক জেলাশাসকের সঙ্গে ভোট প্রস্তুতি সংক্রান্ত বৈঠক সেরেছেন।
সূত্রের খবর, প্রথম পর্যায়ে আগামী নভেম্বরে কলকাতাসহ সাতটি পুরসভায় নির্বাচন হবে। আগামী ২৭ অথবা ২৮ অক্টোবর এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হতে পারে। সেই অনুযায়ী রাজ্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে ২৮ বা ২৯ নভেম্বর ভোটগ্রহণ এবং ২ ডিসেম্বর ভোটগণনা হতে পারে। প্রথম পর্যায়ে কলকাতা ও হাওড়া ছাড়াও বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াংয়ে ভোট হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ৭ অক্টোবর কলকাতা ও হাওড়ার সংরক্ষিত আসনের তালিকার জন্য ‘ফর্ম-বি’ প্রকাশ হবে। বাকি পুরসভা গুলিতে তা করা হবে ৬ অক্টোবর। জানা গিয়েছে, এই সাতটি পুরসভায় মোট ৬৩০১টি বুথে ভোটগ্রহণ হবে। জানা যাচ্ছে, আগামী সপ্তাহ থেকেই সংশ্লিষ্ট জেলাগুলিতে ইভিএম পাঠানোর কাজ শুরু হয়ে যাবে। ‘ফর্ম-বি’ প্রকাশের সাত সপ্তাহের মধ্যেই হবে ভোটপর্ব। ভোটের জন্য ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং হবে ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। ‘ইলেকশন ম্যানপাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম’ বা ইএমএমএস অনলাইন পোর্টাল ব্যবহার করে নির্বাচনে কর্মী নিয়োগ ও পরিচালনার কাজ করা হবে।
এছাড়াও জানা যাচ্ছে, নির্বাচনের জন্য অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ নভেম্বরের প্রথম সপ্তাহে। ৬৩০১টি বুথের জন্য ৩৭ হাজারেরও বেশি ভোটকর্মীর প্রয়োজন হবে। অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে সেক্টর ব্যবস্থা কার্যকর করতে হবে। কমিশনের তরফে ভোটের দিন ঘোষণার পরেই আদর্শ আচরণবিধি রাজ্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকল জেলাশাসক এবং নির্বাচন কর্তৃপক্ষকে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করতে এবং নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে নির্দেশ দিয়েছে। এদিন ভোটমুখী জেলাগুলির সঙ্গে এই যাবতীয় বিষয় আলোচনা হয়েছে বলে খবর। এই সাত পুরসভা ছাড়াও আগামী বছরের শুরুতে রাজ্যের আরও ১১২টি পুরসভার বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। আটকে থাকা বাকি পুরসভা এবং মেয়াদ শেষ হতে চলা পুরসভা মিলিয়ে আগামী নয় মাসের মধ্যে রাজ্যের মোট ১২৭টি পুরসভার ভোট সঠিক সময়ে সম্পন্ন করতে চাইছে নির্বাচন কমিশন।