ভোটের টিকিট: আবেদনের মেয়াদ  শেষ হলেও বায়োডেটার পাহাড়, হাওড়ায় বিজেপি নেতৃত্বের হিমশিম অবস্থা
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আবেদন জমা নেওয়ার সময়সীমা পেরিয়েছে দু’দিন আগেই। তবুও হাওড়া পুরসভা নির্বাচনে কাউন্সিলার পদে লড়তে চেয়ে বিজেপির জেলা কার্যালয়ে বায়োডেটা জমা পড়ার বিরাম নেই। পরিস্থিতি এমনই যে, ‘বায়োডেটা গ্রহণ বন্ধ রয়েছে’ বলে নোটিস ঝোলাতে হয়েছে নেতৃত্বকে। তার পরেও জমা পড়া আবেদনের পাহাড় সামলাতে হিমশিম খাচ্ছেন দলের নেতা-কর্মীরা। আবেদন প্রক্রিয়া বন্ধ হলেও গত দু’দিনে প্রায় ১৪০০ আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন জেলা সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য।

Advertisement

দলীয় সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিটি বায়োডেটা খতিয়ে দেখে সম্ভাব্য প্রার্থীদের নাম বাছাই করতে চলেছে মণ্ডল স্তরের নেতৃত্ব। এরপর মণ্ডল ঝাড়াই বাছাই করে যে তালিকা জেলা নেতৃত্বের কাছে পেশ করবে, তা নিয়ে চর্চা হবে ১ থেকে ৪ নভেম্বর। জেলা সভাপতির কথায়, সাত সদস্যের কোর কমিটি চূড়ান্ত তালিকা তৈরি করবে। পরে তাতে সিলমোহর দেবে রাজ্য নেতৃত্ব। কালীপুজো মিটলেই স্পষ্ট হবে ৬৮টি ওয়ার্ডে বিজেপির প্রার্থী হবেন কারা। প্রার্থী বাছাইয়ে বুথস্তরে গ্রহণযোগ্যতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, স্বচ্ছ ভাবমূর্তি এবং জেতার তাগিদকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন গৌরাঙ্গবাবু। পাশাপাশি, নিয়মিত রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রার্থীদের বয়সও বিবেচনায় থাকবে। তাঁর ইঙ্গিত, একাধিক ওয়ার্ডে তরুণ মুখকে গুরুত্ব দিতে পারে দল।
তবে বিপুল সংখ্যক আবেদন ঘিরে দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাজনৈতিক মহলের একাংশ। দুর্গাপুজোর সময় শিবপুর বিধানসভা কেন্দ্রের ইছাপুরে দুই মণ্ডল সভাপতির মধ্যে সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই সামনে এসেছে টিকিট পাওয়ার লড়াইয়ের প্রসঙ্গ। যদিও জেলা সভাপতির দাবি, ক্লাবস্তরের বিবাদ দলের আদর্শ কিংবা পুরভোটে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, ২০১৩ সালের পুরভোটে হাওড়ার ৫০টি ওয়ার্ডের মধ্যে ১৪ ও ১৭ নম্বর ওয়ার্ডে জিতেছিলেন বিজেপির দুই কাউন্সিলার। তৃণমূল সরকারের বিমাতৃসুলভ আচরণের মধ্যেও তাঁরা নিজেদের ওয়ার্ডে কাজ চালিয়ে গিয়েছেন। এবার বিধানসভা নির্বাচনে তৃণমূলের অনুন্নয়নের চার্জশিট তুলে ধরার ফলেই সাফল্য এসেছে বলে তাঁর দাবি। আসন্ন পুরভোটে তৃণমূলের বঞ্চনা ও নাগরিক দুর্ভোগকে হাতিয়ার করেই লড়াইয়ে নামতে চাইছে পদ্মশিবির।  নিজস্ব চিত্র