নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্যে পৌঁছেছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীসহ চার সদস্যের এই প্রতিনিধি দলের আজ বুধবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উত্তরবঙ্গ বাদে রাজ্যের সব জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর থেকে হবে এই ভিডিয়ো কনফারেন্স। কমিশনের প্রতিনিধি দল ছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল এবং অন্য আধিকারিকরা। বৈঠক শেষে রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রে যাওয়ার কথা রয়েছে কমিশনের প্রতিনিধি দলের। উল্লেখ্য, এই বিধানসভা কেন্দ্র থেকেই প্রথম ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠেছিল। যে পদ্ধতিতে বিহারে এসআইআর হয়েছে তাকেই অনুসরণ করে পশ্চিমবঙ্গসহ গোটা দেশে এসআইআর পরিচালনা করতে চাইছে নির্বাচন কমিশন। সেইমতোই রাজ্যের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে চাইছে তারা।



