Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

উপনির্বাচনের ঠিক আগের দিনই নন্দীগ্রাম থানার আইসি বদল করল নির্বাচন কমিশন

রাত পোহালেই রাজ্যে উপনির্বাচন। তার আগেই বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। বদল করা হল নন্দীগ্রাম বিধানসভার আইসিকে। ভোটের আগের দিন সরিয়ে দেওয়ার হল থানার আইসি অজয়কুমার মিশ্রকে।

উপনির্বাচনের ঠিক আগের দিনই নন্দীগ্রাম থানার আইসি বদল করল নির্বাচন কমিশন
  • ৫ অক্টোবর, ২০২৬ ১৪:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: রাত পোহালেই রাজ্যে উপনির্বাচন। তার আগেই বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। বদল করা হল নন্দীগ্রাম বিধানসভার আইসিকে। ভোটের আগের দিন সরিয়ে দেওয়ার হল থানার আইসি অজয়কুমার মিশ্রকে। তার বদলে এবার দায়িত্ব নেবেন দেবাশিস সরকার। 

Advertisement

বিরোধীদের অভিযোগ ছিল আগের আইসি অজয়কুমার মিশ্র শাসক দল ঘনিষ্ঠ। এমনকি তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে বিরোধীদের পক্ষ থেকে একটি অভিযোগও দায়ের করা হয়েছিল। আজ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় নতুন আইসি দেবাশিস সরকারের নাম অনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তিনি তমলুকের ট্রাফিক ইন্সপেক্টর এবং সাইবার ক্রাইম থানার আইসি হিসেবেও দায়িত্বে রয়েছেন। দেবাশিস সরকার জানান, ‘আমি সবেমাত্র খবরটা শুনলাম। এখনও অর্ডার কপি হাতে পাইনি। আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ভোট দিতে আসবেন। সেই উপলক্ষ্যে ট্রাফিকের কাজে নন্দীগ্রামে ছিলাম। তখনই ওই খবর পেলাম।’

কাল মঙ্গলবার রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। ভোটের ফল ঘোষণা হবে আগামী শুক্রবার, ৯ অক্টোবর। ইতিমধ্যেই শেষ হয়েছে প্রচারের পর্ব । শেষ মুহূর্তে দুই কেন্দ্রেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। রাজনৈতিক টানাপোড়েনের আবহে নজরদারিও বাড়িয়েছে প্রশাসন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে জয় পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে ভবানীপুর কেন্দ্র থেকেও নির্বাচিত হওয়ায় ভবানীপুর আসনটি রেখে নন্দীগ্রাম ছেড়ে দেন তিনি। ফলে নন্দীগ্রামে উপনির্বাচনের প্রয়োজন হয়। অন্যদিকে, মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্রে জয়ী হয়েছিলেন হুমায়ুন কবীর। একই নির্বাচনে নওদা কেন্দ্র থেকেও জেতায় শেষ পর্যন্ত নওদা আসনটি রেখে রেজিনগর ছেড়ে দেন তিনি। তাঁর ছেড়ে দেওয়া আসনেই এবার হচ্ছে উপনির্বাচন।

উল্লেখ্য, রাজ্যে বিধানসভা ভোটের আগে  পুলিশ প্রশাসনে বড় রদবদলের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।  পাঁচ পুলিশ জেলা-সহ ১২ জন পুলিশ সুপারের বদলির নির্দেশিকা জারি করা হয়েছিল। সেইসঙ্গে এডিজি উত্তর এবং এডিজি দক্ষিণবঙ্গকেও সরিয়ে দেওয়া হয়েছিল। আসানসোল-দুর্গাপুর, হাওড়া, বারাকপুর এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের প্রধান পদেও নতুন আধিকারিকদের আনা হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ