নৈহাটিতে স্বামীকে কুপিয়ে খুনের পর অস্ত্র হাতে বসে বৃদ্ধা, গ্রেপ্তার
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ঘরের মেঝেয় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বৃদ্ধের নিথর দেহ। পাশেই ধারালো অস্ত্র হাতে নির্বিকার ভঙ্গিতে বসে রয়েছেন বৃদ্ধা স্ত্রী। রবিবার সকালে নৈহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ব্যানার্জিপাড়া রক্ষাকালীতলা এলাকা দেখা যায় এই দৃশ্য। পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রভাত বিশ্বাস (৭৮)। স্বামীকে খুনের অভিযোগে তাঁর স্ত্রী লেখা বিশ্বাসকে (৬৩) নৈহাটি থানার পুলিশ গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও। স্রেফ দাম্পত্য কলহের জেরে এই ঘটনা, নাকি অন্য কোনও রহস্য রয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন বিশ্বাস দম্পতি। পরে তাঁরা বাড়ি ফিরে প্রতিদিনের মতো নিজেদের ঘরে ঘুমোতে যান। পাশের ঘরে ঘুমোচ্ছিলেন ছেলে ও পুত্রবধূ। এরপর এদিন সকালে আচমকা বাবা ও মায়ের ঘর থেকে আর্তনাদ শুনতে পান ছেলে-বউমা। তাঁরা এই দৃশ্য দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। দৌড়ে আসেন প্রতিবেশীরা। দ্রুত রক্তাক্ত প্রভাতবাবুকে উদ্ধার করে কল্যাণী এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
​ষাটোর্ধ্ব মহিলা কেন এমন নৃশংস কাণ্ড ঘটালেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, প্রভাতবাবু একসময় চটকলে কাজ করতেন। মিল বন্ধ হয়ে যাওয়ার পর সংসার চালাতে তিনি নিরাপত্তারক্ষীর কাজ বেছে নিয়েছিলেন। অভাব-অনটনের সংসারে দম্পতির মধ্যে প্রায়শই বচসা বাধত। লেখাদেবীও দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সেনিয়ে তাঁর উপযুক্ত চিকিৎসাও করানো যায়নি। ফলে পারিবারিক অশান্তি থেকে খুনোখুনি, নাকি মানসিক ভারসাম্য হারিয়ে ওই বৃদ্ধা স্বামীকে খুন করেছেন, তা পুলিশ জানার চেষ্টা করছে।