Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিষপানের পর হাসপাতাল থেকে ছুটি হোমে আশ্রয় চান বৃদ্ধ সন্ন্যাসী

ছেলে-বউমা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর নেমে আসে প্রবল অভাব

বিষপানের পর হাসপাতাল থেকে ছুটি হোমে আশ্রয় চান বৃদ্ধ সন্ন্যাসী
  • ১৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: ছেলে-বউমা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর নেমে আসে প্রবল অভাব। সে কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন এক বৃদ্ধ দম্পতি। বারুইপুর স্টেশনে বিষ কিনে খেয়ে নিয়েছিলেন ৭০ বছরের সন্ন্যাসী কর্মকার ও তাঁর স্ত্রী ৬৫ বছরের ঝর্ণাদেবী। অসুস্থ অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁদের। সেই রাতেই মারা যান ঝর্ণা কর্মকার। সন্ন্যাসীবাবু চিকিৎসাধীন ছিলেন। এখন একটু সুস্থ। হাসপাতাল ছুটিও দিয়ে দিয়েছে। ছুটির কথা জানার পর সন্ন্যাসীর প্রশ্ন, ‘কোথায় যাব?’

Advertisement

ছেলে-বউমার কাছে ফেরার প্রশ্নই উঠছে না সন্ন্যাসীর। কারণ তিনি জানেনই না ছেলে এখন কোথায় থাকে। গড়িয়া বোয়ালিয়ার বাড়িটি ছেলে জোর করে বিক্রি করে দিয়েছে। ফলে কোথাও গিয়ে ওঠার জায়গা নেই। এক ভাগ্নে আছে। কিন্তু তিনিও সন্ন্যাসীকে নিয়ে যেতে নারাজ। সে ব্যক্তি ফোনে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন, ছেলে-বউমার ভয়ে মামাকে নিয়ে যেতে পারবেন না। সন্ন্যাসীবাবু অগত্যা যেতে চান কোনও সরকারি হোমে। এমন আর্জিই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। হাসপাতালের ফ্যাকাল্টি ম্যানেজার শ্যামল চক্রবর্তী বলেন, ‘সন্ন্যাসীবাবু হোমে থাকতে চান বলে একটি আবেদন জমা দিচ্ছেন সুপারকে। তারপর তাঁকে হোমে পাঠানো হবে। যতদিন হোমে না যাচ্ছেন এখানে থাকবেন। পুলিসকে সব কিছু জানানো হবে।’
এখন হাসপাতালের শয্যায় শুয়ে থাকেন সন্ন্যাসীবাবু। দেখালেন ছেলের হাতে মার খেয়ে শরীরে দাগ হয়ে গিয়েছে। বলেন, গড়িয়ার বাড়ি জোর করে বিক্রি করে নতুন ফ্ল্যাট নিয়েছিল। সেখান থেকে আমাদের মারধর করে বের করে দেয়। ছেলে বাইপাসে একটি বেসরকারি বড় নার্সিংহোমে কাজ করে। তিনি জানান, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর স্ত্রীকে নিয়ে নবদ্বীপ চলে যান। পাঁচ মাস ছিলেন। টাকাপয়সা কিছুই ছিল না। তারপর দু’জনে মিলে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। কিন্তু বেঁচে যান নিজে। মৃত্যু হয় স্ত্রীর। ফ্যাকাল্টি ম্যানেজার উদ্যোগ নিয়ে সন্ন্যাসীর ভাগ্নের ফোন নম্বর জোগাড় করে যোগাযোগ করেছিলেন। কিন্তু তিনি অসুবিধার কথা জানানোর পর বৃদ্ধকে হোমে স্থানান্তরের উদ্যোগ শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ