Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নৌকা নেই, সাঁতরে মহানন্দা পার হতে গিয়ে প্রৌঢ়ের মৃত্যু

রাতে মহানন্দা নদী সাঁতরে পার হয়ে বাড়ি ফিরতে গিয়ে মৃত্যু হল দিনমজুরের। ঘটনাটি মালদহের চাঁচল ২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর এলাকার।

নৌকা নেই, সাঁতরে মহানন্দা পার হতে গিয়ে প্রৌঢ়ের মৃত্যু
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: রাতে মহানন্দা নদী সাঁতরে পার হয়ে বাড়ি ফিরতে গিয়ে মৃত্যু হল দিনমজুরের। ঘটনাটি মালদহের চাঁচল ২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর এলাকার।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মনসুর আলি (৫০)। সোমবার সকালে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। 
মনসুরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বাড়িতে একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেজন্য রবিবার সন্ধ্যায় হোসেনপুর ঘাট থেকে ডিঙি নৌকায় চেপে নদী পার হয়ে গোয়ালপাড়া ঘাটে ওঠেন মনসুর। কলকি মোড়ে গিয়ে চিনি সহ অন্যান্য সামগ্রী কিনেছিলেন। সেখানে দেরি হয়ে যাওয়ায় রাত দশটা নাগাদ ঘাটে ফিরে দেখেন ফেরার নৌকা নেই। তখন উপায় না দেখে সাঁতার কেটেই বাড়ি ফেরার চেষ্টা করেন মনসুর।
সোমবার সকালে বাসিন্দারা গোয়ালপাড়া ঘাটের কাছে মনসুরের দেহ ভেসে উঠতে দেখেন। ঘটনার সাক্ষী তাঁর স্ত্রী জেলেখা বিবি বলেন, এপারে ঘাট থেকে টর্চের আলো দেখাচ্ছিলাম। কিন্তু নদীতে নামার পর অনেকক্ষণ পরও স্বামী উঠে আসেনি। পরে দেহ উদ্ধার হয়। 
মনসুরের ভাই মজিবর রহমান বলেন, দাদা প্রতিদিনই নৌকা না পেলে সাঁতরে নদী পার হতো। বহুবার এভাবে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরেছে। সেতু থাকলে দাদার এমন পরিণতি হতো না। 
অভিযোগ, দীর্ঘদিন ধরেই হোসেনপুর ও তেলাইগাছি গ্রামের বাসিন্দাদের  প্রধান সমস্যা নদী পারাপার। মহানন্দার ওপারে প্রায় দেড় হাজার ভোটারের বাস। দৈনন্দিন কাজ থেকে শুরু করে হাটবাজার, স্কুল কলেজ, হাসপাতাল, থানায় যাতায়াতের জন্য নদী পার হতে হয়। বর্ষায় ডিঙি নৌকায় ও শুখা মরসুমে বাঁশের মাচা দিয়েই যাতায়াত করেন গ্রামবাসী। তবে, রাত আটটার পর নৌকা চলাচল করে না। জরুরি পরিস্থিতি হলে তবেই নৌকা চলে।
মালদহ জেলা পরিষদের স্থানীয় সদস্য আব্দুল হাই বলেন, পরিষদের তত্ত্বাবধানে বর্ষাকালে ডিঙি নৌকা ও শুখা মরসুমে বাঁশের মাচার মাধ্যমে পারাপারের ব্যবস্থা করা হয়। রাত আটটা পর্যন্ত নৌকা চলে। তবে, জরুরি পরিস্থিতি তৈরি হলে রাতেও চালু করা হয়। 
মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেন, বাসিন্দাদের সমস্যার কথা শুনেছি। রাজ্যস্তরে তুলে ধরা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ