সংবাদদাতা, বনগাঁ: আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির শিবিরে এসে অসুস্থ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম হজরত আলি মণ্ডল (৭৫)। বাগদার আমডোব গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাগদা ব্লকের আষাঢ়ু গ্রাম পঞ্চায়েত এলাকার আমডোব উচ্চ বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে। মৃত বৃদ্ধের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বার্ধক্যভাতার জন্য আবেদন করতে আমডোব হাইস্কুলে এসেছিলেন হজরত আলি মণ্ডল। স্কুল প্রাঙ্গণেই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে এলাকার এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে ওই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



