Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেহালায় ফের বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্থানীয়দের

বেহালায় ফের বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্থানীয়দের
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের ডায়মন্ডহারবার রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পথচারীর। ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর থানা এলাকায়। বুধবার সকালে বেহালা চৌরাস্তা মোড়ের কাছে একটি বেসরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান এক বৃদ্ধ। মৃতের নাম অশোক বর্মন (৬৭)। হুগলির ব্যানার্জিপাড়ার বাসিন্দা তিনি। ব্যক্তিগত কাজে তিনি এদিন জনকল্যাণ এলাকায় এসেছিলেন। রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। 

Advertisement

প্রায় বছর দু’য়েক আগে এক খুদে স্কুল পড়ুয়ার মৃত্যুতে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেহালা চৌরাস্তা। বাবার সঙ্গে পরীক্ষা দিতে যাওয়ার সময়ে লরির চাকায় পিষে গিয়েছিল ছয় বছরের ওই শিশু। এরপর ওই এলাকায় তৎপর হয় ট্রাফিক পুলিস। এই চৌরাস্তার মোড়কে ‘উপযুক্ত ক্রসিং’য়ের উদাহরণ হিসেবে তুলে ধরার উদ্যোগ নেয় ডায়মন্ডহারবার ট্রাফিক গার্ড। ‘কিন্তু, কোথায় গেল সেই তৎপরতা?’— প্রশ্ন উঠেছে এই এলাকাতেই। স্থানীয়রা বলছেন, মাঝেমধ্যেই রাতে পুলিসের দেখা মিলছে না। সেই সুযোগে সাইকেল আরোহীরা নিজেদের খেয়ালখুশি মতো রাস্তা পারাপার করছে। যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। আম জনতার কথায়, এদিনের দুর্ঘটনাই প্রমাণ করে, রাস্তায় মানুষের নিরাপত্তা বাড়েনি। ডায়মন্ডহারবার রোডে একটু ফাঁকা জায়গা পেলেই এখনও রেষারেষিতে মাতে বাসচালকরা। বেপরোয়া চালক যাত্রীদের নামানোর আগেই চলতে শুরু করে। এমন একাধিক অভিযোগ তুলছেন বেহালা, ঠাকুরপুকুর চত্বরের বাসিন্দারা। পুলিস জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সেই সময় রাস্তা ফাঁকাই ছিল। তাহলে কী প্রবীণ পথচারী বাসচালকের ব্লাইন্ড স্পটে এসে পড়েছিলেন? ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের ট্রাফিক বিভাগের ফেটাল স্কোয়াড।
তদন্তকারীদের দাবি, ঠাকুরপুকুর থানায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। চালক সহ এসডি ৫ রুটের বাসটিকে আটক করা হয়েছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তা খতিয়ে দেখছেন অফিসাররা। এই দুর্ঘটনার প্রকৃত কারণ খোঁজা হচ্ছে। অন্যদিকে, এদিন সকালে গড়িয়াহাট ক্রসিংয়ে রাস্তা পারাপারের সময় একটি পণ্যবাহী গাড়ি এক বৃদ্ধ পথচারীকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। আহতের নাম দেবকুমার রায় (৬১)। চালক সহ লরিটিকে আটক করেছে গড়িয়াহাট থানা।

Advertisement
সম্পর্কিত সংবাদ