নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এসআইআর নিয়ে চিন্তায় ঘুম উড়েছে আলেয়া খাতুনের। আজ, বুধবার ভোরের আলো ফুটতেই পাহাড়পুর পঞ্চায়েত প্রধান অনিতা রাউতের দ্বারস্থ বৃদ্ধা আলেয়া। ভোটার কার্ড হারিয়ে গিয়েছে। স্বামীর পরিচয়পত্র কিছুই নেই, হারিয়ে গিয়েছে বলে দাবি আলিয়া খাতুনের।
কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘ডেঙ্গুয়াঝাড় এলাকায় ছেলের বাড়িতে এখন রয়েছি। রানিনগর চেওরাপাড়ায় আমার বাড়ি। তাই সকালে প্রধানের কাছে এসেছি।’ তিনি আরও বলেন, ‘অনেকে বলছে পুলিশ ধরে নিয়ে যাবে। এসআইআর চালু হয়েছে। এখন কী করব বুঝতে পারছি না। তাই প্রধানের দরজায় এসেছি। আমার ও স্বামীর পরিচয়পত্র, ভোটার কার্ড হারিয়ে গিয়েছে। ছেলেমেয়ে নিয়ে পরিবারে ১০ জন।এখন ছেলেমেয়েদের কী হবে!’
এদিকে, বেলা বাড়তেই পাহাড়পুর পঞ্চায়েতের প্রধানের কাছে ভিড় বাড়ে বাসিন্দাদের। প্রত্যেকেরই চোখেমুখে এসআইআর নিয়ে আতঙ্ক। তৃণমূল প্রধান অনিতা রাউত বলেন, ‘বৈধ ভোটারদের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা মানুষজনকে সহায়তা করার জন্য ক্যাম্প চালু করেছি।’