Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

আরও তীব্র এল নিনো, বাংলা সহ দেশে অক্টোবর মাসে তাপমাত্রা বৃদ্ধি, ডিসেম্বর পর্যন্ত কম বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

এল নিনো তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে অক্টোবর মাসে পশ্চিমবঙ্গসহ দেশের বেশিরভাগ অংশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে।

আরও তীব্র এল নিনো, বাংলা সহ  দেশে অক্টোবর মাসে তাপমাত্রা বৃদ্ধি, ডিসেম্বর পর্যন্ত কম বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এল নিনো তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে অক্টোবর মাসে পশ্চিমবঙ্গসহ দেশের বেশিরভাগ অংশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। পূর্বাভাস দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে পশ্চিমবঙ্গসহ দেশের বড়ো অংশে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দক্ষিণ ভারতে যেখানে এই সময় উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে দ্বিতীয় পর্বের বর্ষার বৃষ্টি হয়, সেখানে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকবে। 

Advertisement

বর্ষাকালীন পরিস্থিতি পর্যালোচনা ও বর্ষা-পরবর্তী সময়ের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বুধবার দিল্লির মৌসম ভবন থেকে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র। তিনি জানান, দেশে এবার  জুন থেকে সেপ্টেম্বর মাসে বর্ষাকালীন বৃষ্টি সার্বিকভাবে দীর্ঘকালীন গড়ের তুলনায় প্রায় ১৩ শতাংশ (১২.৫৭) কম হয়েছে। কম বৃষ্টিপাতের নিরিখে ১৯০১ সাল থেকে এটা ছিল ১৩তম। ২০০১ সাল থেকে ধরলে চতুর্থ। ২০১৫ সালে দেশে ১২.৭ শতাংশ কম বৃষ্টি হয়েছিল। আবহাওয়া দপ্তরের শীর্ষকর্তা জানান, বর্ষা বিদায়ের প্রক্রিয়া দেশে ফের শুরু হতে চলেছে। ১৫ অক্টোবরে স্বাভাবিক সময়ের মধ্যে গোটা দেশ থেকে বর্ষা বিদায় নেবে। আপাতত এমনই ভাবছে আবহাওয়া দপ্তর।
এল নিনো যে এবার তীব্রতর হতে চলেছে তা বেশকিছু দিন ধরেই বলছে আবহাওয়া সংস্থাগুলি। এর জেরে তাপমাত্রা বৃদ্ধির কারণে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রচুর প্রাণহানি ও প্রাকৃতিক বিপর্যয় হতে পারে। এমন আশঙ্কা প্রকাশ পেয়েছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণামূলক রিপোর্টে। মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, নভেম্বর মাসে এল নিনোর তীব্রতা সবথেকে বেশি থাকবে। আগামী মার্চ পর্যন্ত এল নিনো পরিস্থিতি থাকবে। ভারত মহাসাগরের ডাইপোল পরিস্থিতি পজিটিভ হলে তা এল নিনোর নেতিবাচক দিক কিছুটা আটকায় বলে মনে করা হয়। বর্ষাকালে ডাইপোল পরিস্থিতি নিউট্রাল ছিল। আবহাওয়া কর্তা জানান, মাঝেমধ্যে কিছুটা পজিটিভ হলেও ডাইপোল আগামী দিনে নিউট্রাল থাকবে বলেই মনে করা হচ্ছে। তবে এল নিনো পরিস্থিতি ভারতে বর্ষার উপর কতটা প্রভাব ফেলে প্রশ্ন তা নিয়েও। আবহাওয়া দপ্তর এদিন যে রিপোর্ট দিয়েছে, তাতে দেখা যাচ্ছে জুন মাস পর্যন্ত এল নিনো দুর্বল ছিল। কিন্তু জুন মাসে দেশে সবথেকে কম বৃষ্টি হয়েছে। জুলাই  ও আগস্ট মাসে এল নিনো মাঝারি শক্তিশালী হলেও দেশে বৃষ্টি বাড়ে। বিশেষ করে জুলাইয়ে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। এল নিনো খুব শক্তিশালী হয়েছে সেপ্টেম্বরে। কিন্তু সেপ্টেম্বরে নিম্নচাপের প্রভাবে দেশে অনেক জায়গায় প্রচুর বৃষ্টি  হয়েছে। এবার বর্ষাকালে বিভিন্ন তীব্রতার নিম্নচাপ সৃষ্টি হয়েছিল ১৪টি, যা স্বাভাবিক। নিম্নচাপ ঠিকঠাক না-হলে বৃষ্টির ঘাটতি অনেক বেশিই হত।

Advertisement
সম্পর্কিত সংবাদ