নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের বিকল হল মালগাড়ি। বুধবার সকালে নিউ জলপাইগুড়ি থেকে রানিনগর যাওয়ার সময় একটি মালগাড়ির এক্সেল লক হয়ে গিয়ে ট্রেনটি লাইনেই দাঁড়িয়ে যায়। যার ফলে দীর্ঘ আট ঘণ্টা ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকে। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য একাধিক যাত্রীবাহী ট্রেন বিলম্বে চলে। পদাতিক এক্সপ্রেসকেও কিছুক্ষণের জন্য নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়ায় করিয়ে রাখা হয়। এছাড়াও চারটি যাত্রীবাহী ট্রেনের যাত্রাপথ বদল করে দেওয়া হয়। পরে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রিকভারি ট্রেন গিয়ে পরিস্থিতি মোকাবিলা করে। এ বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেন, যান্ত্রিক গোলযোগের কারণে এমন ঘটনা ঘটেছে। রেলের ইঞ্জিনিয়াররা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে দিয়েছেন।



