Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

একমাস ধরে এক্স-রে পরিষেবা বন্ধ জেলা হাসপাতালে, হয়রান রোগীরা

একমাস ধরে এক্স-রে পরিষেবা বন্ধ জেলা হাসপাতালে, হয়রান রোগীরা
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: প্রায় এক মাস ধরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের এক্স-রে মেশিন বিকল হয়ে পড়ে আছে। ফলে এক্স-রে না করিয়েই  হাসপাতাল থেকে ফিরতে বাধ্য হচ্ছেন রোগীরা। অনেকে মোটা টাকা  দিয়ে বেসরকারি ল্যাব থেকে এক্স-রে করছেন। এই ভোগান্তি নিয়ে সরব হয়েছে শহরের বিভিন্ন মহল। কংগ্রেস হাসপাতালের এই বেহাল পরিষেবার বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিয়েছে।
Advertisement
আলিপুরদুয়ার জেলা হাসপাতালে গড়ে প্রতিদিন প্রায় দেড়শো রোগী এক্স-রে করাতে আসেন। কিন্তু এই পরিষেবা বন্ধ থাকায় রোগী হয়রানি হচ্ছে।  এদিন অনিতা দাস নামে এক বধূ বলেন, পা মচকে যাওয়ায় এক্স-রে করা দরকার। এজন্য দু’দিন হাসপাতালে এসেছিলাম। বলা হয়েছে, এক্স-রে মেশিন খারাপ। জানা গিয়েছে, এক্স-রে মেশিন খারাপ থাকায় ব্যয়বহুল হলেও জরুরি রোগীদের সিটিস্ক্যান করছে হাসপাতাল কর্তৃপক্ষ। শহরের একটি স্বেচ্ছ্বাসেবী সংগঠনের কর্ণধর রাতুল বিশ্বাস বলেন, এভাবে দিনের পর দিন মেশিন খারাপ হয়ে পড়ে থাকলে গরিব পরিবারের রোগীরা কোথায় যাবেন? এটা মানা যায় না। জেলা কংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথ বলেন, আমরা অবাক হয়ে দেখছি জেলা হাসপাতালের মতো হাসপাতালে প্রায় এক মাস ধরে এক্স-রে মেশিন বন্ধ। রোগীরা এক্স-রে করাতে পারছে না। আমরা শীঘ্রই এর প্রতিবাদে আন্দোলনে নামছি। 
জেলা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল বলেন, এক্স-রে মেশিনটি ১০ বছরের পুরনো। সেই জন্যই মেশিনটি আর কাজ করছে না। বিষয়টি রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে জানিয়েছি। মন্ত্রী দ্রুত এক্স-রে মেশিন মেরামত করার আশ্বাস দিয়েছেন। হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডল বলেন, খুব দ্রুত হাসপাতালের বিকল মেশিন সারাই হবে।
সম্পর্কিত সংবাদ