সংবাদদাতা, মেখলিগঞ্জ: একই রাতে পরপর দু’টি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সদস্যরা সকলেই পাশেই আয়োজিত ভাওয়াইয়া অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। এই সুযোগে বাড়িতে ঢুকে জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার জামালদহে। জামালদহের ১৯৪ নম্বর দ্বারিকামারিতে হানা দিয়ে সেখানকার বাসিন্দা অজিত বর্মনের বাড়ি থেকে নগদ টাকা ও সোনাদানা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। শুধু তাঁর বাড়িই নয়, প্রতিবেশী সুরেন বর্মনের বাড়িতেও দুষ্কৃতীরা হানা দেয়। সেখানেও আলমারি ভেঙে যা পেয়েছে, সব নিয়ে চম্পট দিয়েছে। সুরেনবাবু ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। তাঁর স্ত্রী সুষমা বর্মন বলেন, পাশেই অনুষ্ঠান ছিল। সেখানে গিয়েছিলাম। রাত ১১টা নাগাদ ফিরে এসে দেখি, ঘরের সব জিনিস লন্ডভন্ড। সোনার গয়না ও নগদ টাকা চুরি গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জামালদহে এর আগেও বহু বাড়িতে এভাবে চুরি হয়েছে। কিন্তু পুলিস আজ পর্যন্ত কোনও চুরির কিনারা করতে পারেনি। মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



