Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এখনও উত্তরের মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পৌঁছয়নি টেস্ট পেপার

এখনও উত্তরের মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পৌঁছয়নি টেস্ট পেপার
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: টেস্ট পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই রাজ্যের বেশকিছু জেলার মাধ্যমিক পরীক্ষার্থীরা হাতে পেয়েছে টেস্ট পেপার। পরীক্ষার্থীদেব সুবিধার্থে এবার পরীক্ষা শেষের আট দিনের মধ্যেই টেস্ট পেপার প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এখনও পর্যন্ত রাজ্যের আটটি জেলায় এই টেস্ট পেপার বিতরণ হয়েছে বলে জানিয়েছে পর্ষদ। যদিও এখনও সেই টেস্ট পেপার এসে পৌঁছয়নি উত্তরবঙ্গে। স্বাভাবিকভাবেই পড়ুয়াদের একাংশের মধ্যে এবিষয়ে প্রশ্ন উঠেছে। যদিও দ্রুত এই টেস্ট পেপার পরীক্ষার্থীরা হাতে পাবে বলে জানিয়েছে শিক্ষা প্রশাসন। উল্লেখ্য, ফি বছর টেস্ট পরীক্ষার এক মাস পর টেস্ট পেপার হাতে পাওয়াই রেওয়াজ। একমাসের মধ্যে টেস্ট পেপারের প্রশ্ন সমাধান করতে অনেক সময়ই বিপাকে পড়তে হয় পরীক্ষার্থীদের। তবে এবার সেই সমস্যা সমাধানে পদক্ষেপ করেছে মধ্যশিক্ষা পর্ষদ।  নভেম্বরের শেষ থেকে শুরু হয়ে ডিসেম্বরের ২-৩ তারিখের মধ্যেই শেষ হয়েছে টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এবারে টেস্ট পেপার পরীক্ষার্থীদের হাতে পৌঁছনোর উদ্যোগ নেয় মধ্যশিক্ষা পর্ষদ। সেইমতো পরীক্ষা শেষ হওয়ার আট দিনের মধ্যেই কোনও কোনও জেলায় পড়ুয়াদের হাতে পৌঁছে গিয়েছে টেস্ট পেপার। তবে উত্তরের কোনও জেলাতেই এখনও আসেনি। আর তাতেই বেড়েছে উদ্বেগ। এপ্রসঙ্গে শিলিগুড়ি শিক্ষা জেলার সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক অরিন্দম রায় বলেন, শনিবারের মধ্যেই এই জেলায় টেস্ট পেপার চলে আসার কথা আছে। খুব শীঘ্রই তা স্কুলে স্কুলে বিতরণ করা হবে। দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসেব শিক্ষক সংগঠনের নেতা সুপ্রকাশ রায় বলেন, টেস্ট পেপার ছাপার কাজ চলছে। আশা করছি খুব শীঘ্রই মাধ্যমিক পরীক্ষার্থীরা হাতে টেস্ট পেপার পেয়ে যাবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ