Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এখনও সরেনি বিজ্ঞাপনের তোরণ, ব্যাপক যানজটে নাকাল সিউড়িবাসী

এখনও সরেনি বিজ্ঞাপনের তোরণ, ব্যাপক যানজটে নাকাল সিউড়িবাসী
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: কালীপুজোর সাতদিন পরেও সিউড়ি শহরের প্রধান সড়কজুড়ে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনের তোরণ। ফলে সিউড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা সহ শহরের প্রধান রাস্তায় যানজটে নাকাল হচ্ছে সাধারণ মানুষ। সঙ্গে রয়েছে টোটোর দৌরাত্ম্য এবং ফুটপাতে দখলদারি। পুজোর পর মঙ্গলবার থেকে শুরু হয়েছে সরকারি দপ্তরের কাজকর্ম। এদিনই অফিসের ব্যস্ত সময়ে সিউড়ি সার্কিট হাউস মোড় থেকে জেলাশাসকের দপ্তর হয়ে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যাপক যানজট হল। শুধু বিজ্ঞাপনের গেটই নয়, রাস্তার দু’ ধারজুড়ে বেআইনিভাবে দাঁড়িয়ে টোটো আর অটো। ফলে বাস স্ট্যান্ড চত্বরে যানজটের প্রাবল্য মারাত্মক। যা সামলাতে হিমশিম খেতে হল ট্রাফিক পুলিসকে। এছাড়াও সাধারণ মানুষের অভিযোগ, শহরের যত্রতত্র বিভিন্ন জায়গায় রাস্তার ওপর টোটো থামিয়ে যাত্রী তোলা হচ্ছে। হঠাৎ করে রাস্তার উপর টোটো দাঁড়িয়ে যাওয়ায় বাড়ছে ছোটখাটো দুর্ঘটনাও। অন্যদিকে কালীপুজোর ছ’-সাতদিন পরও রাস্তাজুড়ে দাঁড়িয়ে বিজ্ঞাপনের তোরণ। পথচলতি মানুষের অভিযোগ, এই তোরণগুলির কারণে সংকীর্ণ হয়ে পড়েছে প্রধান সড়ক। যা যানজটের অন্যতম কারণ। শুধু তাই নয়, শহরের এই প্রধান রাস্তার দু’ পাশে রয়েছে একাধিক গাড়ির গ্যারেজ। সেখানে রাস্তার উপর গাড়ি দাড় করিয়ে চলে মেরামতি। সেই কারণেও রাস্তা সংকীর্ণ হয়েছে। সিউড়ি শহরের বাসিন্দা ব্যবসায়ী সৌমেন সেন বলেন, সিউড়ি শহরের টোটো দৌরাত্ম্য, ফুটপাত দখলের সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যা মেটাতে সিউড়ি পুরসভা বা প্রশাসন কোনও পদক্ষেপ করে না। বড়সড় দুর্ঘটনা ঘটলে তখন হয়তো প্রশাসনের টনক নড়বে। সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, যান নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ