Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

একাধিক স্থায়ী আধিকারিকের পদ খালি, রায়গঞ্জ পুরসভার পরিষেবা নিয়ে প্রশ্ন

একাধিক স্থায়ী আধিকারিকের পদ খালি, রায়গঞ্জ পুরসভার পরিষেবা নিয়ে প্রশ্ন
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ পুরসভার একাধিক বিভাগে নেই স্থায়ী আধিকারিক। এজন্য একাধিক সমস্যা হলেও কবে নিয়োগ হবে তা নিয়ে ধন্দে পুরকর্তৃপক্ষ।
Advertisement
পুরসভা সূত্রে জানা গিয়েছে, অফিস সুপারিন্টেন্ডেন্ট, অ্যাকাউন্ট্যান্ট, স্যানিটারি ইন্সপেক্টর, বড়বাবু, লাইসেন্স ইন্সপেক্টর, ক্যাশিয়ার, এস্টাব্লিশমেন্ট অফিসার সহ একাধিক বিভাগে স্থায়ী আধিকারিক নেই। এই পরিস্থিতিতে কীভাবে চলছে পুরসভার কাজকর্ম? পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই বিভাগগুলিতে বিভিন্ন কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরাই কাজ সামলাচ্ছেন।
পুরসভায় আধিকারিক না থাকার বিষয়টি স্বীকার করেছেন মহকুমা শাসক কিংশুক মাইতি। তাঁর মন্তব্য, সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি জানে। আশা করছি দ্রুত ফাঁকা পদগুলিতে স্থায়ী আধিকারিক নিয়োগ করা হবে।
একাধিক আধিকারিক না থাকায় সেই বিভাগগুলির কাজে নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন একাংশ নাগরিক। রায়গঞ্জের বাসিন্দা শুভ্রশঙ্কর নাগের কথায়, পুরসভার বোর্ডের মেয়াদ অনেকদিন আগে শেষ হলেও প্রশাসক দিয়ে চলছে। এর প্রভাব পড়ছে পরিষেবাতেও। অস্থায়ী আধিকারিকদের দিয়ে পুরসভা চালানোর চেষ্টা করলেও পরিষেবা যে ঠিকঠাক মিলছে না, তা পুরসভার বিভিন্ন জায়গায় তাকালেই বোঝা যায়। রাস্তাঘাটের বেহাল অবস্থা, নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, রাস্তার ধারে জঞ্জাল, আবর্জনার স্তূপ। আশা করছি দ্রুত নির্বাচন হওয়ার পাশাপাশি স্থায়ী আধিকারিক নিয়োগ করে পরিষেবা স্বাভাবিক করা হবে।
উপ পুরপ্রশাসক অরিন্দম সরকারের দাবি, বামফ্রন্টের সময় থেকেই বিভিন্ন পদে লোক নেই। সেবিষয়ে সরকারকে জানানো হয়েছে। সময়মতো নিয়োগ হবে। তবে কোনও পদ ফাঁকা নেই। সব বিভাগেই লোক কাজ করছে। পুরসভার এক অস্থায়ী সাফাই কর্মী আধিকারিক না থাকার জন্য তাঁদের সমস্যার কথা জানালেন। তাঁর মন্তব্য, অস্থায়ী কর্মীদের বেতন নিয়ে মাঝেমধ্যেই সমস্যা হয়। আমরা বিভিন্ন বিষয় নিয়ে সরব হয়েছি। এছাড়া  স্যানিটারি বিভাগে ইন্সপেক্টর নেই। দেখাশোনার জন্য আধিকারিক থাকলে সমস্যা দ্রুত মিটত।
পুরসভার এই পরিস্থিতি নিয়ে সরব হয়েছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক তুষার গুহ বলেন, কংগ্রেসের বোর্ড থাকাকালীন এই পুরসভা ঠিকমতো চললেও এখনকার পুরবোর্ড সেভাবে কাজ করছে না। গুরুত্বপূর্ণ পদে আধিকারিক না থাকায় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকরা।
সম্পর্কিত সংবাদ