সংবাদদাতা, কান্দি: একজনের জমি অন্যের নামে হয়ে যাচ্ছে। আবার অফিস কর্মীদের পাওয়া যাচ্ছে না। বুধবার এমনই একাধিক অভিযোগ নিয়ে বড়ঞা বিএলএলআরও অফিসে বিক্ষোভ দেখালেন বাসিন্দাদের একাংশ। যদিও পরে অফিসের কর্মীদের কাছে আশ্বাস পেয়ে বিক্ষোভ উঠিয়ে নেওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বড়ঞার বিএলএলআরও সৌভিক সাহা। তিনি বলেন, আসলে ওইসময় আমি ফিল্ডে ছিলাম। তাই পুরো ঘটনা জানতে পারিনি। মনে হয় কোনও মিউটেশন নিয়ে ঝামেলা হয়েছে। তবে বিষয়টির খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।জানা গিয়েছে, এদিন বেলা ১২টা নাগাদ স্থানীয় বাসিন্দাদের একাংশ ওই অফিসে এসে এক রেভিনিউ অফিসারের খোঁজ করেন। যদিও সেইসময় তিনি অফিসে ছিলেন না। এরপরেই বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে উঠেন। অফিসের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় ১৫মিনিট ধরে বিক্ষোভ চলে। পরে অফিসের কর্মীরা বিষয়টি নিয়ে বিএলএলআরওকে জানানোর প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ উঠিয়ে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দা লাল মহম্মদ ফজলে হক বলেন, এই অফিসে দালালে ভরে গিয়েছে। ওরা নেতা, বিধায়কদের নাম ভাঙিয়ে অফিসের কর্মীদের হম্বিতম্বি করে জাল রেকর্ড বানিয়ে নিচ্ছে। একের জমি অন্যের নামে হয়ে যাচ্ছে। অপর বাসিন্দা সামসুল শেখ বলেন, শুধু জাল রেকর্ড বলে নয়। এখানে অফিস কর্মীরাও সঠিক সময়ে আসেন না। কান্দির বাসিন্দা দুলেন চৌধুরী বলেন, বড়ঞা ব্লকের মুনাইকান্দরা গ্রামে আমাদের পূর্ব পুরুষের সম্পত্তি রয়েছে। আমরা সকলেই এটা ভালো করে জানি। কিন্তু কিছুদিন আগে ব্যাঙ্ক থেকে ঋণ নিতে গিয়ে দেখলাম আমাদের সম্পত্তি অন্যের নামে হয়ে গিয়েছে। এমনই অনেক ঘটনার প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখানো হয়েছিল।



