সংবাদদাতা, মাথাভাঙা: শনিবার মাথাভাঙা রেলস্টেশন কর্তৃপক্ষকে স্মারকলিপি দিল মাথাভাঙা মহকুমা রেল উপভোক্তা দাবি আদায় কমিটি। কমিটি জানিয়েছে, বর্তমানে দুই-একটি দূরপাল্লার ট্রেন মাথাভাঙা স্টেশনে দাঁড়ায়। আরও বেশি দূরপাল্লার ট্রেনের স্টপেজ সহ সকাল ও বিকেলে এনজিপি থেকে লোকাল ট্রেন চালানো, প্ল্যাটফর্মের সম্প্রসারণ করে লোডিং আনলোডিং ব্যবস্থা চালুর দাবিও জানানো হয়েছে। এদিন মাথাভাঙা রেলস্টেশন ম্যানেজারের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্টেশন ম্যানেজার জানিয়েছেন, স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হবে। মাথাভাঙা মহকুমা রেল উপভোক্তা দাবি আদায় কমিটির সভাপতি সনাতন ঘোষ বলেন, আমরা মাথাভাঙা রেল স্টেশনের উন্নয়ন সহ আরও দূরপাল্লার ট্রেনের স্টপেজ ও লোকাল ট্রেন চালু, লোডিং আনলোডিং সিস্টেম চালুর দাবি জানিয়ে আসছি। এদিন এই সমস্ত দাবি জানিয়ে রেলকে স্বারকলিপি দেওয়া হল। আশা করছি রেল কর্তৃপক্ষ এব্যাপারে পদক্ষেপ নেবে।



