সংবাদদাতা, বোলপুর: ১৬ দফা দাবিতে বুববার বিকেলে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে বিক্ষোভ দেখান বিশ্ববিদ্যালয়ের কর্মীদের একাংশ। এই মুহূর্তে কবিগুরুর স্মৃতিবিজড়িত এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য, সহ উপাচার্য, ফাইনান্স অফিসার, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের ডিরেক্টর সহ নানা পদ শূন্য অবস্থায় রয়েছে। তাই দীর্ঘদিন কর্মীদের বিভিন্ন দাবি পূরণ হচ্ছে না বলে অভিযোগ। তার প্রেক্ষিতে এদিন ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতর কার্যালয়ের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান কর্মীরা। কর্মীদের পক্ষে সুব্রত মণ্ডল, ভ্রমর ভাণ্ডারী বলেন, আমরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলনে সরব হয়েছি। মডিফায়েড অ্যাসিওর্ড কেরিয়ার প্রোগ্রেস ও ডিপার্টমেন্ট প্রমোশন কমিটি অবিলম্বে চালু করতে হবে। সমস্ত এমটিএস কর্মীদের সার্ভিস কনফার্মেশনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অতি সত্বর কর্মীদের বেতন থেকে মেডিক্যাল সাবস্ক্রিপশন কাটা বন্ধ করতে হবে। এযাবৎ যা টাকা কাটা হয়েছে তাও ফেরত দিতে হবে। উপাসনাগৃহ সংস্কারের জন্য কর্মীদের অর্ধদিবস বেতন কাটা হয়েছিল। সেই টাকাও অবিলম্বে ফেরত দিতে হবে বলে দাবিপত্রে উল্লেখ করা হয়েছে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে প্রচুর পদ শূন্য অবস্থায় রয়েছে। সেগুলিতে স্থায়ী নিয়োগ করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। মোট ১৬দফা দাবিতে আমরা ভারপ্রাপ্ত কর্মসচিবের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। দাবি না মিটলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে। যদিও কর্তৃপক্ষের তরফে এবিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



