Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এক রাতে কাটোয়া ও আউশগ্রামে ৫টি মন্দিরে চুরি

এক রাতে কাটোয়া ও আউশগ্রামে ৫টি মন্দিরে চুরি
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: কাটোয়া ও আউশগ্রামে পাঁচটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিগ্রহের সোনার গয়না চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। শীতের রাতের সুযোগ নিয়ে একের পর এক মন্দিরে বিগ্রহের গয়না লুট করছে তারা। কাটোয়ার অগ্রদ্বীপের কালীমন্দিরে ও আউশগ্রামের বেড়েণ্ডা, বেলুটি, কালীদহ গ্রামে একই রাতে চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে সবাই চুরির ঘটনা জানতে পারে। পুলিস তদন্ত শুরু করেছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়ার অগ্রদ্বীপে এক মাস আগে সোনার দোকানের পর এবার কালীমন্দিরে চুরির ঘটনা ঘটে। ওই সোনার দোকান থেকে কালীমন্দির খুব বেশি দূরে নয়। সোমবার রাতে অগ্রদ্বীপের স্টেশন রোডে মা লাঙ্গলেশ্বরী কালীমন্দিরে চুরি হয়। মন্দিরের সামনের দিকে দরজায় তালা ভাঙলেও পিছনের দরজা দিয়ে ঢোকে দুষ্কৃতীরা। বিগ্রহের রুপোর মুকুট তিনটি সোনার টিপ, রুপোর নুপুর, সোনার কানের দুল সহ প্রায় এক লক্ষ টাকার গয়না চুরি গিয়েছে বলে কমিটির সদস্যরা জানান। এদিন সকালে কাটোয়া থানার আইসি সহ পুলিস বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। কমিটির পক্ষে সুকান্ত গড়াই বলেন, অগ্রদ্বীপে বার বার চুরির ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়ছি। দুটি কাঠের প্রণামি বাক্স নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। তারমধ্যে একটি কাঠের প্রণামী বাক্স মাঠে পাওয়া যায়। 
ওই রাতেই আউশগ্রামের বেলুটি গ্রামে দুটি মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। বেলুটি গ্রামে পাল পরিবারের নারায়ণ মন্দিরে এবং ওই গ্রামের বারোয়ারি কালীমন্দিরে চুরির ঘটনা ঘটেছে। পাল পরিবারের সদস্য কিশোর পাল বলেন, নারায়ণ মন্দিরের তালা ভেঙে নারায়ণ বিগ্রহের রুপোর পৈতে, সিংহাসন, চাঁদমালা, পায়ের নূপুর, ছাতা এবং সোনার হার সহ তামা ও কাঁসার বাসনপত্র চুরি হয়ে গিয়েছে। কালীমন্দিরের তালা ভেঙে সোনার টিকলি, চোখ, নথ এবং রুপোর বালা, পায়ের মল ও নগদ প্রায় দেড় হাজার টাকা প্রণামী চুরি হয়ে গিয়েছে। কালীদহ গ্রামে শ্মশানকালী মন্দির এবং বেড়েণ্ডা গ্রামের সন্ন্যাসী গোঁসাই মহারাজ মন্দিরেও একই কায়দায় চুরি হয়ে গিয়েছে। চারটি মন্দিরে চুরির ঘটনাতেই তদন্ত শুরু করেছে আউশগ্রাম থানার পুলিস।
সম্পর্কিত সংবাদ