Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এক মাসেরও বেশি সময় ধরে রহস্যজনকভাবে নিখোঁজ পুরুলিয়ার যুবক

এক মাসেরও বেশি সময় ধরে রহস্যজনকভাবে নিখোঁজ পুরুলিয়ার যুবক
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: গত এক মাসেরও বেশি সময় ধরে রহস্যজনকভাবে নিখোঁজ পুরুলিয়ার যুবক। নিখোঁজ ওই যুবকের নাম শুভজিৎ দে। পুরুলিয়া শহরের রাজাবাঁধ এলাকায় বাড়ি বছর ছত্রিশের যুবকের। সেখানে তিনি একটি ফ্ল্যাটে স্ত্রীর সঙ্গে থাকতেন। পরিবারে অভিযোগ, গত ২৭সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তারপর থেকে তাঁর আর কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না। এনিয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেছে পরিবার। যদিও খোঁজ মেলেনি।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, আট বছর আগে বিয়ে হয় শুভজিতের। তাঁর স্ত্রীর বাড়িও শহরেই। প্রেম করেই দু’জনের বিয়ে হয়। শুভজিৎ জলের ব্যবসা করেন। তাঁর স্ত্রী একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শুভজিতের পরিবারে মানিয়ে নিতে সমস্যা হয় তাঁর স্ত্রীর। শুভজিতের বাবা চন্দনদের দাবি, পরিবারে মানিয়ে নিতে সমস্যা হওয়ায় আমরা ছেলে বউমাকে ফ্ল্যাটটি ছেড়ে দিই। আমি বৃদ্ধ স্ত্রীকে নিয়ে নামোপাড়ার একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করি। ফলে ওদের সংসারে কী হচ্ছে তা জানতেও পারি না। ছেলেও সংসারে কী ঘটছে তা আমাকে জানাত না। তবে, মনে হতো ওরা ভালো নেই। চন্দনবাবু বলেন, গত ২৭সেপ্টেম্বর বিকেলে আমাকে বউমা ফোন করে। বলে, শুভজিৎ নাকি বউমার সমস্ত গয়না নিয়ে পালিয়ে গিয়েছে। তারপর থেকেই ছেলের আর পাত্তা নেই। বহু জায়গায় খুঁজেছি। থানাতেও অভিযোগ জানিয়েছি। কিন্তু, ছেলেকে কোথাও পাইনি। বৃদ্ধের অনুরোধ, আমার হার্টের অপারেশন হয়েছে। একটা চোখও নষ্ট হয়ে গিয়েছে। এই বয়সে কোথায় যাব? যে করেই হোক ছেলে কোথায় গেল, তা তদন্ত করে বের করুক পুলিস। পুলিসের এক আধিকারিক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ