নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ২১ দিনে টাকা দ্বিগুণ করার চক্করে পড়ে সর্বস্বান্ত হয়েছিলেন ‘ফির হেরা ফেরি’ ছবির রাজু, শ্যাম, বাবুরাওরা। পুরুলিয়াতেও একইভাবে প্রতারিত হলেন এক যুবক। ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করলে মাত্র এক ঘণ্টায় টাকা তিনগুণ হয়ে যাবে-এই লোভে পড়ে সর্বস্ব খোয়ালেন পুরুলিয়া টাউন থানার যুবক শেখ তৌহিদ। ঘটনায় তিনি পুরুলিয়া সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
যুবকের অভিযোগ, গত ২৬ অক্টোবর একটি অপরিচিত নম্বর থেকে মেসেজ আসে। তাঁকে ক্রিপ্টো কারেন্সিতে টাকা ইনভেস্ট করার পরামর্শ দেওয়া হয়। বলা হয়, মাত্র এক ঘণ্টার খেলা। এক ঘণ্টাতেই টাকা তিন ডাবল হয়ে যাবে। যুবককে বিশ্বাস করানোর জন্য প্রমাণ স্বরূপ কিছু স্ক্রিনশটও দেয় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি। তাতে এরকম অনেকেই যে টাকা ইনভেস্ট করে এক ঘণ্টায় তিনগুণ টাকা পেয়েছেন, তা দেখানো হয়। লোভে পড়ে যান পুরুলিয়ার যুবকও। প্রচুর টাকা আয়ের আশায় ধাপে ধাপে ১ লক্ষ ১৫ হাজার টাকা অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে পাঠায় যুবক। কিন্তু লাভের টাকা তারা কিছুতেই ফেরত দিতে চায় না। লাভের টাকা তুলতে ফের টাকা ইনভেস্ট করতে বলে। তখনই যুবক বুঝতে পারে যে সে প্রতারণার শিকার হয়েছে। বৃহস্পতিবার ওই যুবক অভিযোগ দায়ের করেন।



