Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এক বছরের বেশি সময় বন্ধ উত্তরবঙ্গ মেডিক্যালের রেডিওথেরাপি, ভোগান্তি

এক বছরের বেশি সময় বন্ধ উত্তরবঙ্গ মেডিক্যালের রেডিওথেরাপি, ভোগান্তি
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ  মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে রেডিওথেরাপি। এই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। ক্যান্সার আক্রান্তদের চিকিৎসায় রেডিওথেরাপির বিশেষ ভূমিকা রয়েছে। কিন্তু এখানে রেডিয়েশন তথা রেডিওথেরাপি দীর্ঘদিন বন্ধ। সরকারি নিয়ম মেনে রোডিওথেরাপির জন্য মালদহ মেডিক্যাল কলেজ কিংবা কলকাতার এসএসকেএমে এখান থেকে রোগীকে রেফার করা হচ্ছে। 
Advertisement
অভিযোগ, কলকাতায় যাওয়ার হয়রানি ও খরচের কথা বলে ভুল বুঝিয়ে দালালরা স্থানীয় বেসরকারি ক্যান্সার চিকিৎসা কেন্দ্রে গরিব রোগীদের নিয়ে যাচ্ছে। অনেকেই দালালদের খপ্পরে পড়ে আর্থিক সঙ্কটে দিশেহারা হচ্ছেন। তাই এখনও উত্তরবঙ্গ মেডিক্যালে রেডিওথেরাপি চালু না হওয়ায় ক্যান্সার আক্রান্ত গরিব রোগী ও তাঁদের পরিবারের লোকদের ক্ষোভ বাড়ছে। 
রোগীর পরিবারের অনেকেরই অভিযোগ, দালালরা সক্রিয় হওয়ার ক্ষেত্রে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মীদের একাংশের মদত রয়েছে। চোপড়ার বাসিন্দা মহম্মদ আক্রম বলেন, মেডিক্যালে ঢোকার মুখে গেটের সামনে একটি বেসরকারি ক্যান্সার হাসপাতালের বোর্ড এমনভাবে রয়েছে তাতে প্রথম দিন মনে হয়েছিল এটা সরকারি। বাবার ক্যান্সারের চিকিৎসা করাতে নিয়মিত আসতে হয়। প্রথম প্রথম দালালরা এরকম কিছু নার্সিংহোমে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। যাইনি। কিন্তু চোখের সামনে দেখি কীভাবে ভুল বুঝিয়ে এখান থেকে দালালরা রোগী বাইরে নিয়ে যায়। রেডিয়শনের রোগীদের উপরই এখন দালালদের বেশি নজর। দালালরা কীভাবে খবর পেয়ে যায় কোন রোগীর রেডিয়েশন দিতে হবে? ভিতরের লোক রয়েছে বলেই দালালরা রোগীর কাছে সরাসরি পৌঁছে যাচ্ছে। 
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের অঙ্কোলজি বিভাগের প্রধান ডাঃ সম্রাট দত্ত বলেন, রেডিয়েশন ইউনিটটির আধুনিকীকরণের কাজ গত ডিসেম্বর মাসে শুরু হয়েছে। রেডিও থেরাপি ইউনিট আধুনিকীকরণের কাজ অত্যন্ত জটিল এবং অনেক সাবধনতার সঙ্গে করতে হয়। আইসোটোপ না আসায় এর কাজ শেষ হয়নি। কানাডা থেকে এই আইসোটোপ আনা হয়। মুম্বইয়ের অ্যাটমিক রিসার্চ বোর্ড কবে আইসোটেপ দেবে তার উপর নির্ভর করতে হচ্ছে। রেডিওথেরাপি বন্ধ থাকায় রোগীদের আমরা সরকারি নিয়ম মেনে নিকটবর্তী সরকারি কেন্দ্র মালদহ মেডিক্যাল কলেজে রেফার করি। যাঁদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাঁদের কলকাতায় এসএসকেএমে রেফার করা হয়। দালাল চক্রের ব্যাপারে জানা নেই। লোকজনকে সতর্ক থাকতে হবে।
সম্পর্কিত সংবাদ