নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সংসারের হাল ধরতে ভিনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ হয়েছেন এক ঠিকা শ্রমিক। প্রায় দু’মাস ধরে কোনও খোঁজ নেই বহরমপুর থানা এলাকার বৈরগাছির স্বপন হাজরার। রাজমিস্ত্রির কাজ করে বেশি উপার্জনের আশায় তিনি রাজস্থানে গিয়েছিলেন। এক এজেন্টের মারফত তিনি সেখানে কাজও পেয়েছিলেন। সেখানে গিয়ে পাঁচ মাস কাজ করে বাড়িতে একবার ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন। আর একবার দু’হাজার টাকা পাঠানোর পর তাঁর ফোন খারাপ হয়ে যায়। বাড়ির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। বাড়িতে স্ত্রী, সন্তান ও বয়স্ক পরিজনেরা চিন্তায় দিশেহারা। রাজস্থানে যেখানে তিনি কাজ করতেন, সেখানকার এক দোকানের ফোন নম্বর ছিল পরিবারের কাছে। সেই নম্বরেও ফোন করে স্বপনবাবুর কোনও হদিশ পাননি পরিবারের লোকজন। বাধ্য হয়ে স্বামীকে খুঁজতে সেই ঠিকাদারের কাছে যান স্বপনবাবুর স্ত্রী। সেখানে গিয়েও তিনি কোনও সাহায্য পাননি। বেলডাঙার ওই ঠিকাদার জানিয়ে দেন, স্বপনবাবুর খবর তিনি জানেন না। পুলিসের দ্বারস্থ হয়েও সাহায্য মেলেনি বলে তাঁর অভিযোগ।
Advertisement
স্বপনবাবুর স্ত্রী সুলেখা হাজরা বলেন, রাজস্থানের একটি খাবারের দোকানে ফোন করলে জানানো হয়, উনি বাড়ি ফিরে এসেছেন। ওই এজেন্ট আবার জানান, একমাস আগে স্বামী রাজস্থান ছেড়ে চলে এসেছেন। আমার স্বামীর কথা তিনি জানেন না। বহরমপুর থানায় যোগাযোগ করলে বলা হয় রাজস্থানে গিয়ে জেনারেল ডায়েরি করতে।
যদিও বহরমপুর থানার এক আধিকারিক বলেন, এই অভিযোগ নিয়ে কেউ আমাদের কাছে আসেনি। নিখোঁজের কোনও অভিযোগ পেলে আমরা মামলা রুজু করে তদন্ত শুরু করি।
যদিও বহরমপুর থানার এক আধিকারিক বলেন, এই অভিযোগ নিয়ে কেউ আমাদের কাছে আসেনি। নিখোঁজের কোনও অভিযোগ পেলে আমরা মামলা রুজু করে তদন্ত শুরু করি।



